বাবুনগরীর পাসপোর্ট আজকের ভেতরেই ফেরত দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর সামরিক সচিবের

নিজস্ব প্রতিবেদক 

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর অসুস্থতার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি এখন পর্যন্ত। ঢাকার খিলগাঁও-এ অবস্থিত খিদমাহ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর সাড়ে বারোটার দিকে শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতাল নেয়া হয়েছে তাকে ।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী জানান, বাম পায়ে ইনফেকশন (পচন) হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে হুজুরের অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে আরো উন্নত চিকিৎসা দরকার যা খিদমায় সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসকদের পরামর্শে হুজুরকে বারডেমে আনা হয়েছে।

তিনি বলেন, ডাক্তাররা বোর্ড বসে জানিয়েছেন যে, হুজুরের কিডনি, হার্ট, ডায়াবেটিস, পায়ের ইনফেকশন সব রোগ একই সঙ্গে মারাত্মক জটিল আকার ধারণ করেছে। চিকিৎসায় ব্যালেন্স আনা বা উন্নত চিকিৎসা এই দেশে কোনো হাসপাতালে সম্ভব না। উন্নত চিকিৎসার জন্য তাকে (হুজুর) দ্রুত বিদেশ নিয়ে যেতে হবে। না হলে দিন দিন তার শারীরিক অবনতি ঘটার সমূহ আশঙ্কা রয়েছে।

কিন্তু তার পাসপোর্ট দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে জব্দ থাকায় তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়া যাচ্ছে না। তবে হেফাজতের আমির আল্লামা আহমদ শফী বাবুনগরীর পাসপোর্ট ফেরত আনার জন্য যথেষ্ট চেষ্টা তদবির করে যাচ্ছেন বলে জানিয়েছেন তার নিকটজনেরা। এই পরিপ্রেক্ষিতে আল্লামা আহমদ শফীর নির্দেশক্রমে ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নুরুল আমীন আজ প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সঙ্গে একান্তভাবে যোগাযোগ করেছেন। মাওলানা নুরুল আমীন ফাতেহ টোয়েন্টি ফোরকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিবের কাছে তিনি জোর অনুরোধ করেছেন বাবুনগরীর পাসপোর্ট যেন খুব দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি সচেষ্ট হন। সামরিক সচিব তখন তাঁকে আশ্বস্ত করে বলেছেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আজকের ভেতরেই যেন আপনাদের হাতে পাসপোর্ট পৌঁছে যায়।

এইচআর/

আগের সংবাদঢাকায় বায়ু দূষণ নিয়ে রুল জারি
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর আমন্ত্রণ শুধুই শুভেচ্ছা বিনিময়ের জন্য : কাদের