
ফাতেহ ডেস্ক
প্রধানমন্ত্রীর আমন্ত্রণ কোনো সংলাপের জন্য নয়, শুধুই শুভেচ্ছা বিনিময়ের জন্য। তবে এতেও গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার সুযোগ রয়েছে। সোমবার সচিবালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি ও ঐক্যফ্রন্ট যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
দোসরা ফেব্রুয়ারি চা চক্র ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাওয়াতপত্র পেয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। কিন্তু তারা যে যোগ দিচ্ছেন না এরই মধ্যে তা জানিয়ে দিয়েছেন নেতারা।
ঐক্যফ্রন্ট নেতাদের এই অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক জরুরি কথা বলা যায়। সেই সুযোগটাও তারা নিতে পারতেন। বরং তারা অগণতান্ত্রিক আচরণ করছেন বলে মন্তব্য কাদেরের।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, বিশাল পরাজয়ের পর বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। বিভিন্ন দেশে দলটি চিঠি পাঠিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
গণফোরামের দুই নির্বাচিত সদস্য শপথ নিলে সংসদ আরো প্রাণবন্ত হবে বলে মনে করেন ওবায়দুল কাদের। এ সময় উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
