প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সাক্ষাত, পাসপোর্ট ফিরে পেলেন বাবুনগরী

হামমাদ রাগিব

দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে জমা থাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট হসপিটালে তাঁর হাতে হস্তান্তর করা হয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদিন নিজে গিয়ে বাবুনগরীর হাতে পাসপোর্ট তুলে দেন। বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমীন ফাতেহ টোয়েন্টি ফোরকে এ খবর নিশ্চিত করেছেন ।

মুফতি নুরুল আমীন জানান, আজ সন্ধ্যা সোয়া সাতটায় তাঁকে সঙ্গে নিয়ে মেজর জেনারেল মিয়া মুহাম্মদ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দেখতে যান। এবং বাবুনগরীর অসুস্থতার খোঁজ-খবর নেন। এ সময় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে জব্দ থাকা পাসপোর্ট তাঁর হাতে তুলে দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশযাত্রার তাগিদ দেন। এবং  যে-কোনো খেদমতের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে তাঁকে জানাতে বলেন, তিনি সর্বাত্মক চেষ্টা করবেন সহযোগিতার জন্য।

উল্লেখ্য, আল্লামা জুনায়েদ বাবুনগরী বেশ কয়েকদিন যাবত গুরুতর অসুস্থ। ডাক্তাররা বোর্ড বসে জানিয়েছেন, তার কিডনি, হার্ট, ডায়াবেটিস, পায়ের ইনফেকশন সব রোগ একই সঙ্গে মারাত্মক জটিল আকার ধারণ করেছে। চিকিৎসায় ব্যালেন্স আনা বা উন্নত চিকিৎসা এই দেশে কোনো হাসপাতালে সম্ভব না। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশ নিয়ে যেতে হবে। না হলে দিন দিন তার শারীরিক অবনতি ঘটার সমূহ আশঙ্কা রয়েছে।

কিন্তু তার পাসপোর্ট দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে জব্দ থাকায় তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়া যাচ্ছিল না। প্রধানমন্ত্রীর সামরিক সচিব কর্তৃক পাসপোর্ট হস্তান্তরের মাধ্যমে বিদেশযাত্রার এ প্রতিবন্ধকতা দূর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আগের সংবাদতরুণী গণধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
পরবর্তি সংবাদবাবুনগরীর পাসপোর্ট ফেরত দেয়ায় সরকারকে ধন্যবাদ জানালেন হাসানাত আমিনী