
ফাতেহ ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সেক্রেটারি ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিতে হাসানাত আমিনী বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী জাতির অমূল্য সম্পদ। জাতির এই দুর্দিনে তার মত বরেণ্য আলেমের বেঁচে থাকা অত্যন্ত জরুরি।আশা করি, আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে আবারো দেশ জাতি ও ইসলামের কল্যাণে আত্মনিয়োগ করবেন।
বিবৃতিতে তিনি বলেন, শুধু পাসপোর্ট ফেরতই যথেষ্ট নয়। দেশবাসী চায়, সরকারি ব্যবস্থাপনায় বিদেশে আল্লামা বাবুনগরীর চিকিৎসা করানো হোক। আশা করি, সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, সারাদেশের আলেম-ওলামা ও ছাত্রদের দাবি এবং হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর অনুরোধে আজ সন্ধ্যা সোয়া ৭টায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদিন মিয়া বারডেম হাসপাতালে গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করে তার পাসপোর্ট ফিরিয়ে দেন। এবং বলেন, যে-কোনো খেদমতের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে তাঁকে জানাতে, তিনি সর্বাত্মক চেষ্টা করবেন সহযোগিতার জন্য।
প্রধানমন্ত্রীর সামরিক সচিব কর্তৃক পাসপোর্ট হস্তান্তরের মাধ্যমে বিদেশযাত্রার এ প্রতিবন্ধকতা দূর হয়েছে। এখন যেকোনো সময় আল্লামা বাবুনগরী বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারবেন।
