বামদের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ফাতেহ২৪: বাম সংগঠনগুলো মিলে ঘোষণা দিয়েছে নতুন রাজনৈতিক জোটের। সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চাসহ আটটি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘বাম গণতান্ত্রিক জোট’ নামে নতুন রাজনৈতিক জোট।

আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের ঘোষণা দেওয়া হয়।

জোটের অন্তর্ভুক্ত দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) সদস্য শুভাংশু চক্রবর্তী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু প্রমুখ।

নতুন এ জোটের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও জোটের প্রথম সমন্বয়ক সাইফুল হক। সেখানে জোটের পরবর্তী কর্মসূচি তুলে ধরা হয়। কর্মসূচি অনুযায়ী জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিতে ২৪ জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ; একই দিনে ঢাকায় বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ; ৪ আগস্ট বিদ্যমান নির্বাচনী-ব্যবস্থার সংস্কারের দাবিতে মতবিনিময় সভা এবং ১০ ও ১১ আগস্ট জোটের কেন্দ্রীয় নেতারা দেশের ছয়টি বিভাগীয় শহরে জনসভা করবেন।

আগের সংবাদডুবুরিদের দেখতে পাওয়া ছিল অলৌকিক, থাই কিশোরদের লোমহর্ষক বর্ণনা
পরবর্তি সংবাদচট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফে আধুনিক তুরস্ক ও এরদোয়ানের বিজয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত