
ফাতেহ ডেস্ক
রাজধানীর মালিবাগে বাসচাপায় পোশাক কারখানার ২ শ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিকেলে মালিবাগ- রামপুরার পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করেন। পুলিশ জানিয়েছে, দুই শ্রমিককে চাপা দেয়া বাসটি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, দুপুর দেড়টার দিকে মালিবাগ রেলগেট ও আবুল হোটেলের মাঝামাঝি জায়গায় দুই নারী শ্রমিককে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। ঘটনাস্থলেই মারা যান একজন। ঢাকা মেডিকেলে নেয়ার পর আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত নাহিদ পারভীন পলি ও মীম মালিবাগের এম এইচ গার্মেন্টসের শ্রমিক। বিকেলে নিহতের খবর পাওয়ার পর, মালিবাগ-রামপুরা সড়কে নেমে আসেন পোশাক শ্রমিকেরা।
রাস্তা অবরোধ করে ব্যাপক ভাঙচুর শুরু করেন তারা। এতে রামপুরা, মালিবাগ, মৌচাক, মগবাজার এলাকায় সৃষ্টি হয় যানজট।
