
ফাতেহ ডেস্ক
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। বললেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতের আন্তঃসীমান্ত বিদ্যুৎ বিনিময় নীতিমালা সংশোধনের ফলে শীতকালে ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি করতে পারবে বাংলাদেশ।
সরকারের ধারাবাহিকতায় বিদ্যুৎ খাতের সফলতা তুলে ধরতে নতুন বছরের প্রথম দিনেই সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, গত ১০ বছরে মেয়াদে বিদ্যুৎ খাতের স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনার বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে। এখন সরকারের সামনে চ্যালেঞ্জ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন।
বৈশ্বিকভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যার সাথে তাল মেলাতে বেশ কিছু চ্যালেঞ্জের কথা জানান প্রতিমন্ত্রী।
আগামী পাঁচ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য প্রয়োজন প্রায় ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগ। আগামী দিনগুলোতে সাশ্রয়ী দামে ও নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করাই প্রধান লক্ষ্য, জানান প্রতিমন্ত্রী।
মাল্টিক্লায়েন্ট সার্ভে না হওয়ায় অনেক দিন ধরেই বন্ধ আছে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন নসরুল হামিদ।
