
ওমর ফারুক
বৃহস্পতিবার সমকামিতাকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির সংবিধান অনুযায়ী ব্যক্তি স্বাধীনতাকে বাস্তবায়নের লক্ষ্যে এ রায় দেওয়া হয়েছে। সেইসঙ্গে রায়টি ঘোষণার সময় বিচারক, সকল কুসংস্কার দূর হয়ে যাক বলেও মন্তব্য করেছেন। বিরক্তিকর ব্যাপার হলো, বেশিরভাগ গণমাধ্যমের প্রকাশিত খবরে এ রায়কে ঐতিহাসিক বলেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেশি একটি দেশে সমকামিতার মতো একটি জঘণ্য বিষয়কে বৈধতা দেওয়ায় বিষয়টি নিয়ে চিন্তিত বাংলাদেশের বোদ্ধা মহলও।
প্রশ্ন জাগছে এ রায় কি বাংলাদেশ কোনো প্রভাব ফেলবে? এটি কি ব্যক্তি স্বাধীনতার মাঝে পড়ে? ইসলাম কী কারণে এর বিরোধিতা করে। এসব প্রশ্ন নিয়ে কথা হয়েছে দেশের ইসলামি চিন্তাবিদ ও লেখক শরীফ মুহাম্মদের সঙ্গে।
সমকামিতার বিষয়টি ইসলাম কীভাবে দেখে এমন প্রশ্নে শরীফ মুহাম্মদ বলেন, ইসলাম একটি স্বভাবজাত ধর্ম। ইসলাম শুধুমাত্র সমকামিতার বিরোধিতা করে এমন নয়, ইসলাম মদ্যপানেরও বিরোধিতা করে কঠোরভাবে। ইসলাম ব্যভিচারেরও বিরোধিতা করে এবং প্রাথমিক উপাদন থেকে নিয়ে সর্বশেষ সব রকমের অশ্লীলতারও বিরোধিতা করে। জুলুম শোষণের যতো রকম হাতিয়ার রয়েছে ইসলাম এগুলোরও বিরোধিতা করে। মানবজীবন এবং চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, অথচ মানুষ তার মন্দ আগ্রহের কারণে সাময়িকভাবে যেসব মোহে আচ্ছন্ন হয়ে ধ্বংস হতে পারে এমন সবকিছুকেই ইসলাম নিষেধ করে।
‘এ হিসেবে সমকামিতাকেও ইসলাম নিষেধ করেছে। তবে এখানে পার্থক্য হচ্ছে, ইসলামের যাবতীয় বিধিবিধানের প্রতি লক্ষ্য করলে এবং অন্যান্য মন্দ কাজের শাস্তির দিক বিবেচনা করলে আর এ সমকামিতার বিরোধিতার মাত্রা দেখলে বোঝা যায় যে, এখানে ইসলামের বিরোধিতাটা অনেক কঠোর।’
‘এর কারণ হলো, অন্যান্য জীবন যাপনগত যত পাপাচার আছে সেগুলো অপরাধ সত্ত্বেও মানব জীবনের স্বাভাবিক প্রবণতার সঙ্গে একটি পর্যায় পর্যন্ত সঙ্গতিশীল। বিপরীতে সাধারণ মানবিক দৃষ্টিকোণ থেকেও সমকামিতা একটা অস্বাভাবিক ব্যাপার। সমকামিতার কারণে একজন মহান নবীর অবাধ্য জনগোষ্ঠীকেও ধ্বংস হতে দেখা গিয়েছে। যেমন লুত (আ.)- এর উম্মত। তারা এ ধরণের পাপাচারে লিপ্ত হওয়ার কারণে তাদের মাটিচাপা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কুরআন শরীফে এ ঘটনাটির উল্লেখ রয়েছে। বিভিন্ন সময়ে এজাতীয় অপরাধের শাস্তি খুব কঠোরভাবে এসেছে। এটি হচ্ছে সমকামিতার বিরোধিতায় ইসলামের কঠোর অবস্থানের একটি বাহ্যিক ব্যখ্যা।’
‘আসল কথা হলো, মুসলমানদের দৃষ্টিভঙ্গি হবে এমন যে, আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সা. যা হুকুম করেছেন সেটা মুসলমান পালন করবে এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা করা থেকে বিরত থাকবে। এবং এই পালন করা ও বিরত থাকার ক্ষেত্রে কোনো কার্যকারণ সে খুঁজবে না। একই সঙ্গে মুসলমান বিশ্বাস করবে, আল্লাহ ও তাঁর রাসূল সা. যে বিষয়টি পালন করতে হুকুম করেছেন সেটা পালন করা দুনিয়া ও আখেরাত উভয় জীবনের জন্য কল্যাণকর। আর আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা দুনিয়া ও আখেরাত উভয় জীবনের জন্য ক্ষতিকর।’
‘তাৎক্ষণিকভাবে মানুষ না বুঝতে পারলেও পরবর্তীতে বৈজ্ঞানিকভাবে দুনিয়ার কল্যাণ ও ক্ষতির ব্যাপারটিও প্রমাণিত। সমকামিতার বিষয়টিও কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটি মানুষ তাৎক্ষণিকভাবে না বুঝলেও পরবর্তীতে বৈজ্ঞানিকভাবে বারবার প্রমাণিত হয়েছে, এটা জীবনের জন্য, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর, মানব সভ্যতার জন্যও ক্ষতিকর।’
ভারতে সমকামিতার বৈধতার বিষয়টি বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে কি না এ বিষয়ে তিনি বলেন, এর দুটি দিক হতে পারে। একটি হচ্ছে প্রতিবেশী হিসেবে স্বাভাবিকভাবে বাংলাদেশে এর প্রভাব পড়ার ব্যাপার, সেটা পড়ার কথা নয়। কারণ ভারতের আদালত, রাষ্ট্র এবং জনসমাজের যে সংস্কৃতি যাকে আমরা খোলামেলা জীবনযাপন বলি, এটার প্রভাব ও বিস্তার সেদেশে দশককালেরও আগে থেকেই অনেক বেশি তীব্র ছিল। তাদের জীবনে এ ধরণের উম্মুক্ততা অথবা অবাধ যৌনতার একটি অনুশীলন আরও আগে শুরু হয়েছে। এরই একটি স্বীকৃতি ও প্রভাব তাদের আদালতের মাধ্যমে এসেছে।
‘পশ্চিমের সংস্কৃতিতে তারা আমাদের থেকে অনেক বেশি প্রভাবিত। তাদের সিংহভাগ মানুষ বা জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে কঠোর শৃঙ্খলাবিধানের উপস্থিতি নেই। বেশিরভাগ মানুষের জীবনেই ঐশী জীবনের প্রভাব ও স্থিতি নেই। এ জন্য তাদের ওখানে যেটা সহজেই সম্ভব সেটা আমাদের দেশে খুব সহজেই সম্ভব হবে বলে আমি মনে করি না। কারণ, আমাদের এখানে রাষ্ট্রীয়ভাবে ইসলামি বিধান না থাকলেও জন সংস্কৃতিতে, গ্রাম এবং নগর জীবনের অনুশীলনের ক্ষেত্রে দাম্পত্য ও যৌনতার ক্ষেত্রে এখনো মানুষ একটা শৃঙ্খলা মেনে চলে। এ জন্যে আমাদের এখানে তাদের এ বিপর্যস্ত রুচি ও বিশৃঙ্খলার প্রভাবটা খুব তাৎক্ষণিক এসে পড়বে এটাও মনে হয় না।’
‘দ্বিতীয় আরেকটি দিক আছে। সেটি হচ্ছে, সংস্কৃতির ক্ষেত্রে বা মিডিয়ার ক্ষেত্রে সারা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। একটি ভৌগলিক গ্রামের মতো। একটি অংশের প্রভাব আরেকটি অংশে এসে আছড়ে পড়ে, সাংস্কৃতিকভাবে, মিডিয়ার প্রভাবে। প্রিন্ট গণমাধ্যম, ইউটিউব, টিভি চ্যানেলের মাধ্যমে মানুষের মাঝে তথ্যের আদান প্রদান, জীবন যাপনের আদান প্রদান দ্রুত হচ্ছে। এসবের এখন কোনো সীমারেখা থাকছে না। এজন্য শুধু ভারতের ক্ষেত্রে নয়, পৃথিবীর যেখানেই এখন অনৈতিক ঘটনাগুলো ঘটবে এবং এসব অনৈতিকতার যতো প্রাতিষ্ঠানিক আয়োজন হবে, এটার কিছু না কিছু প্রভাব মুসলিম দেশগুলো এড়াতে পারবে না।’
‘যেমন সৌদি আরবের মতো রাষ্ট্র বাঁধ খুলে দেওয়ার পরে হলিউড -বলিউডেরও অনেক ফিল্ম সেখানে যাচ্ছে। পুরো বিশ্ব এখন একটি ভৌগলিক গ্রাম হয়ে যাওয়ার কারণে বা মিডিয়ার সর্বমুখী আগ্রাসনের কারণে একটি সংস্কৃতি হাজার হাজার মাইল দূরে গিয়ে খুব সহজেই আছড়ে পড়ার সুযোগ পায়। এই সুযোগে অনেক দুর্ঘটনাই ঘটতে পারে। এটা অসম্ভব নয়।’
বাংলাদেশে সমকামিতার প্রভাব প্রতিফলন হলে কিংবা আগে থেকেই এই ধ্বংসাত্মক প্রবণতা প্রতিরোধ কী করে সম্ভব? এ বিষয়ে তিনি বলেন, প্রতিরোধের ক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, প্রতিটি মুসলিম সমাজেই পারিবারিক ও দাম্পত্যগত জীবনে, যৌন জীবনের মৌলিক কিছু বিষয়ে কঠোর থাকতে হবে। দাঈদের দাওয়াতী কাজের পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও করতে হবে। এ কঠোর নিয়ন্ত্রণকে সাংস্কৃতিকভাবেও পৃষ্ঠপোষকতা করা এবং ধর্মীয় এ জীবন যাপনকে ব্যাপকভাবে উৎসাহিত করার কাজটি বিভিন্ন পর্যায় থেকে চালিয়ে যেতে হবে। তা না হলে আজকে শুধু ভারতের এ রায়ের প্রভাব এসে পড়বে এমন নয়, সারা পৃথিবীতে প্রাণঘাতী যত রোগ ছড়িয়ে পড়েছে যেমন এইডসের মতো মহামারি বাংলাদেশে এবং অন্যান্য মুসলিম দেশেও চলে আসতে পারে।
‘এখন এইডসের প্রচারণার ক্ষেত্রে দেখুন, সেক্যুলার লোকেরাও বলেন যে, আপনারা ধর্মীয় জীবন যাপন অনুরসরণ করেন। শরীফ মুহাম্মদ বলেন, আমরা এখান থেকে রাষ্ট্রের কাছে অনুরোধ করতে পারি, প্রশাসনের কাছে অনুরোধ করতে পারি, মিডিয়ার কাছে অনুরোধ করতে পারি, তাদের যদি ইসলামের সামগ্রিক বিষয়ে ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি থেকে থাকে, তাহলে এটি তাদের জন্য দুর্ভাগ্যজনক অবশ্যই। কিন্তু অন্তত দাম্পত্য, যৌনতা, যৌন জীবন, নেশাদ্রব্য থেকে মুক্ত থাকা ও পারিবারিক এবং মানবিক বিষয়গুলোতে ইসলাম ধর্মের যে বিধান ও সৌন্দর্য রয়েছে, এটাকে লালন পালনের ক্ষেত্রে তারা উৎসাহিত করবেন।’
‘যারা সমকামিতাকে ব্যক্তি স্বাধীনতার অংশ হিসেবে মনে করছেন এ বিষয়ে আপনার বক্তব্য কী? এ প্রশ্নে শরীফ মুহাম্মদ বলেন, যথেচ্ছ ব্যক্তি স্বাধীনতাটা এটা পশ্চিমা সমাজের অন্য অনেক স্লোগানের সঙ্গে একটি ধ্বংসাত্মক স্লোগান। বাক স্বাধীনতা যেমন একটি স্লোগান, নারীর ক্ষমতায়ন যেমন একটি স্লোগান, ১৮ বছরের কম বয়স্কদের (তাদের ভাষায় অপ্রাপ্ত বয়স্ক) বিয়ে না হওয়াটা যেমন একটি স্লোগান, ঠিক সমকামিতাকেও একটি ব্যক্তি স্বাধীনতার বিষয় বলে বৈধতা দেওয়াও তাদের একটি ধ্বংসাত্মক স্লোগান।’
‘এজাতীয় আরও কিছু ইস্যু রয়েছে, যেগুলি নিয়ে স্বতন্ত্র আলোচনা হতে পারে। সেসবই মানুষের জীবন ও সুস্থিতি ও সুস্থতা ধ্বংসের জন্য অত্যন্ত সহায়ক। তাদের দেশগুলোতে তারা এটিকে ব্যক্তিস্বাধীনতার অংশ বলেই মনে করেন। মুসলিম সমাজে যথেচ্ছ এ ব্যক্তি স্বাধীনতা চাপিয়ে দেওয়া যায় না। যায় না এ কারণে যে, আমাদের দেশে এখনো সামাজিক- অসমাজিক একটি ধারণা চালু রয়েছে। এখনো যদি নগরজীবনের কোনো একটি ফ্ল্যাটে লিভ টুগেদার হয় বা বিবাহবর্হিভূত জীবন যাপন করা হয় অন্য মানুষেরা এটা মেনে নেবে না। তারা ধার্মিক না হলেও মেনে নেবে না। অথবা কোনো ফ্ল্যাটে কোনো নারী বা পুরুষের অবাধ যৌন জীবনও মেনে নেবে না। প্রতিবেশীরা তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বা এড়িয়ে চলবে।’
‘এখান থেকে বোঝা যায় যে, বাংলাদেশে যৌন জীবনের শৃঙ্খলা – বিশৃঙ্খলা ঘটিত এমন অনেক ব্যাপার আছে, যারা ধর্ম মান্য করেন এবং অনুশীলন করেন না উভয় শ্রেণিই এগুলোকে অসামাজিক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করেন। বাংলাদেশে শুধু ইসলামি লোকরাই এটাকে ব্যক্তি স্বাধীনতা মানতে রাজি নন এমন নয় বরং যারা সাধারণ নাগরিক রয়েছেন তারাও এর স্বীকৃতি দেয় না এবং তা চলতে দেওয়া উচিত বলে মনে করেন না।’
‘এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং আমাদের বিরাজমান সামাজিক ও সাংস্কৃতিক যে জীবন রয়েছে, এ থেকেও এটাকে আমরা ব্যক্তি স্বাধীনতার অংশ হিসেবে দেখি না এবং চলতে দেওয়ার সমর্থক হতে পারি না। আর এটা তো পরিস্কার, অবাধ যৌনতা ও স্বেচ্ছাচারিতা ইসলাম সমর্থন করে না এবং যাদের ধর্মে নৈতিকতার অনুশীলন রয়েছে এমন ধর্মগুলোও এটা সমর্থন করে না । সামাজিক বিশৃঙ্খলা এড়ানো এবং সুশৃঙ্খলা বজায় রাখার জন্যে হলেও তারা এসব থেকে বিরত থাকেন এবং সমাজকে বিরত রাখেন।’
