
ফাতেহ ডেস্ক: প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে উৎপাদনের মতো বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকেও বেসরকারি খাতে ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক ৩ দিনের জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বর্তমানে দেশের বিদ্যুৎ সঞ্চালন এককভাবে পরিচালনা করছে সরকারি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নে সরকার শুধু একা যেতে পারে না। এজন্য বেসরকারি প্রতিষ্ঠানেরও দরকার আছে। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ২০ ঘণ্টা করে বিদ্যুৎ পাচ্ছে দেশ। তাই ট্রান্সমিশন লাইনও বেসরকারি খাতে যাওয়া উচিত। এতে প্রতিযোগীতার মাধ্যমে বিদ্যুৎ খাতের মান উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বর্তমান সরকার ২০১০ সালে মেগা প্রকল্প হাতে নেয়। যে কারণে এ খাতের সুফল পাওয়া যাচ্ছে। জ্বালানি খাত উন্নত হলে তা পুরো মানব উন্নয়ন সূচককে উন্নত করবে বলে প্রত্যাশা করেন তিনি।
