
ফাতেহ ডেস্ক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আদালতের রায়ে বিএনপির প্রার্থীশূন্য আসনে পুনঃতফসিলের দাবির বিরোধিতা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ শনিবার দুপুরে সিইসির কাছে চিঠি দিয়ে প্রার্থীশূন্য আসনে পুনঃতফসিলের দাবি জানায় বিএনপি। এরপর এদিন বিকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ইসিতে গিয়ে এ দাবির বিরোধিতা করেন।
এ সময় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্বনয়কারী ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত সিইসি বরাবর একটি লিখিত চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়, সুপ্রিমকোর্টের নির্দেশে কোনো কোনো আসনে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে। আমরা জানতে পেরেছি, বিএনপি ওই সব আসনে পুনঃতফসিলের আবেদন করেছে। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধানের আওতায় ওই সব আসনে পুনঃতফসিলের কোনো সুযোগ নেই।
সুপ্রিমকোর্টের আদেশেও ওই সব আসনে পুনঃতফসিলের কোনো নির্দেশনা নেই। নির্বাচন কমিশনের কাছে এ ধরনের পুনঃতফসিলের জন্য বিএনপির আবেদনের জোরালভাবে বিরোধিতা করেছি।
চিঠিতে হিন্দুদের ওপর হামলা ও দেশের কয়েকটি জেলায় তাদের প্রার্থীদের ওপর হামলার তথ্য-উপাত্ত তুলে ধরে দলটি।
আবেদন জমা দেয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আক্তরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছে, পুনঃতফসিলের কোনো পদক্ষেপ নেয়ার আগে আইন কানুন খতিয়ে দেখবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আজকে যে কারণে নির্বাচন কমিশনে এসেছি হঠাৎ করে লক্ষ্য করলাম, ওবায়দুল কাদেরের প্রচারণায় হামলা, প্রতিমন্ত্রী আফসারুল ইসলামের চট্টগ্রাম মিছিলে হামলা, শুক্রবার রাতে মুক্তগাছায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করা হয়।
এছাড়া চট্টগ্রাম বিভাগের মহানগর, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা, ফেনী ও কক্সবাজার, বরিশাল বিভাগের বরিশাল ও পটুয়াখালী, রাজশাহী বিভাগের পাবনা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, খুলনা বিভাগের চুয়াডাঙ্গা।
খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ জেলায় বিএনপি জামায়াত আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে বলে উল্লেখ করা হয়। কোথায় কখন কার ওপর হামলা করা হয় চিঠিতে বিস্তারিত বর্ণনা দেয়া হয়।
