ফাতেহ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন এলাকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিএনপির মেয়র প্রার্থীর নেতাকর্মী, সমর্থক ও এজেন্টদের গ্রেপ্তার ও হয়রানি না করতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে মৌখিক নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী, তার সমর্থক এবং প্রচারকারীদের গ্রেপ্তারের ক্ষেত্রে আপিল বিভাগের গাইডলাইন মেনে চলতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের পুলিশ কমিশনার ও পুলিশ সুপারসহ আটজনকে বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশনা দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান, সানজিদ সিদ্দিকী প্রমূখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
