জাবিতে সকল ‘অবৈধ’ ফি বাতিলের দাবি

ফাতেহ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাজেটে গবেষণাসহ শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ‘অবৈধ’ ফি বাতিল করে সংশ্লিষ্ট খাতে বাজেট বরাদ্দের দাবিতে বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার বিকালে সভাপতি সুস্মিতা মরিয়ম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার স্বাক্ষরিত বিবৃতিতে এসব দাবি জানানো হয়। আগামী ২৮ জুন, বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাজেট সংশ্লিষ্ট সিনেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বরাবরের মত এবারও শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াই অপূর্ণাঙ্গ সিনেট নিয়ে বাজেট অধিবেশন হতে যাচ্ছে। ফলে শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরার সুযোগ ধাকছে না।

শিক্ষার্থীদের নানা সমস্যার মধ্যে রয়েছে, স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির সময় বিভাগ উন্নয়ন ফি, ল্যাব ফি, সমিতি ফিসহ বিভিন্ন নামে-বেনামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, ল্যাবের গবেষণাসামগ্রী কেনার আর্থিক দায়িত্ব রাষ্ট্রের, শিক্ষার্থীর নয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই বছরের বাজেটে গবেষণা ও শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বৃদ্ধি করে সকল প্রকার ‘অবৈধ’ ফি বাতিলের জোর দাবি জানাচ্ছে। অন্যথায় ‘অবৈধ’ ফি আদায়ের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।’

আগের সংবাদইইউ মিয়ানমারের সেনা জেনারেলদের শাস্তি দিলো
পরবর্তি সংবাদবিএনপি নেতাকর্মীদের হয়রানি না করার নির্দেশ