ব্যাপক পরিবর্তন আসছে এবারের একুশে বইমেলায়

ফাতেহ ডেস্ক

বড় ধরণের পরিবর্তন হচ্ছে অমর একুশে গ্রন্থমেলার সীমানা ও অবকাঠামোর। সোহরাওয়ার্দী উদ্যানের অংশ এবার বিস্তৃত হচ্ছে বিজয় স্তম্ভ, গ্লাস টাওয়ারসহ শিখা চিরন্তন পর্যন্ত। এছাড়া মেলায় থাকছে পাঠকদের জন্য বসার স্থান, খাবার ও আড্ডা দেবার জায়গা। এবারই প্রথম মেলা প্রাঙ্গনের চূড়ান্ত নকশা করেছেন একজন স্থপতি।

বাংলা একাডেমিতে পুরোদমে চলছে অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি। আগের যে কোনো বারের চাইতে দৃষ্টিনন্দন ও পাঠকবান্ধব করে সাজানো হবে মেলা, বলছেন নতুন মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

এবারই প্রথম মেলার স্টল ও অবকাঠামোগত নকশা করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। এসেছে ব্যাপক পরিবর্তন। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের গ্লাস টাওয়ারকে কেন্দ্র করে বিন্যস্ত হচ্ছে মেলার এবারের নকশা। রাতের বেলা স্বাধীনতা স্তম্ভের আলো যাতে পুরো মেলায় ছড়িয়ে পড়ে সেইভাবে সাজানো হচ্ছে স্টল।

এবারের মেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘বিজয়’। পহেলা ফ্রেুব্রুয়ারি বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন।

মেলায় ৬ শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্যাভিলিয়ন রয়েছে ৪২টি। জিপিএসের মাধ্যমে স্টলের অবস্থান জানার ব্যবস্থাও রয়েছে।

এছাড়া, গোটা মাস জুড়ে মেলায় প্রতিদিন থাকছে ‘লেখক বলছি’ নামের একটি নতুন আয়োজন।

আগের সংবাদসংরক্ষিত আসন : আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি মঙ্গলবার
পরবর্তি সংবাদজবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে : স্বাস্থ্যমন্ত্রী