
ফাতেহ ডেস্ক: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পর্শে আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন।
তাদের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে সদর উপজেলার কাদাই গ্রামে এ ঘটনা ঘটে। বৃষ্টিতে পানি জমে যাওয়ায় টিনের টং দোকানটি অন্য জায়গায় সরাচ্ছিল দোকানদার আব্দুস সাত্তার।
তাকে সহযোগিতা করছিলেন বেশ কয়েকজন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে দোকানটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে সবাই বিদ্যুৎপৃষ্ট হন।
গুরুতর অবস্থায় ১১ জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরমধ্যে সদর হাসপাতালে ৬ জন এবং মেডিনোভা হাসপাতালে নেয়ার পর ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহতরা হলেন কাদাই গ্রামের মমিন, রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, সজিব, আব্দুল্লাহ, রাজ, হাবিব ও দোকানদার আব্দুস সাত্তার। তাদের মধ্যে ৪ জন তাঁত শ্রমিক, একজন ব্যবসায়ী ও ৩ জন ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
এদিকে নওগাঁয় বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছেন রাণীনগর থানার পুলিশ কনস্টেবল মেহেরুল ইসলাম। তিনি বগুড়ার গাবতলী উপজেলার নিজকাকড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।
