
ফাতেহ ডেস্ক : সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে শান্তিনগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
অরিত্রির পরিবারের দাবি, অরিত্রির বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রির বাবাকে জানানো হয় তার মেয়েকে টিসি দেওয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল অরিত্রির সামনে তার বাবাকে অপমান করেন। এ ঘটনায় সে আত্মহত্যা করেছে।
‘আত্মহত্যার’ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের মূল ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরাকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়েও তাকে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নাজনীন ফেরদাউস গণমাধ্যমকে জানান, ‘যেহেতু তার (জিন্নাত আরা) বিরুদ্ধে অভিযোগ, তাই তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত চলাকালীন সময় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
