
ওমর ফারুক: সদ্য সমাপ্ত হওয়া ২০১৭-১৮ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স আহরণ বেড়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ২০১৭-১৮ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে ১৪.৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা আগের অর্থবছরের তুলনায় ১৭.৩ শতাংশ বেশি। এই অঙ্ক বাংলাদেশের ইতিহাসে আসা এক অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে প্রবাসীদের দুর্ভোগও বেড়েছে সমান তালে। মধ্যপ্রাচ্যসহ ইউরোপ আমেরিকায় বসবাসকারী ও শ্রমিকদের নেই আগের মতো সুযোগ সুবিধা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সুবিধা করতে পারছে না বাংলাদেশি শ্রমিকরা। সৌদি আরব, আরব আমিরাত, ওমান ও কাতারের বাংলাদেশি শ্রমিকদের বেতন ভাতা অনাদায়, আকামা রিনিও না করা, কাজ না পাওয়ায় যন্ত্রণা তাড়া করছে প্রবাসীদের। লক্ষ্য লক্ষ্য টাকা ব্যায় করে বিদেশ পাড়ি দিলেও না খেয়ে মরছে তাদের পরিবার। প্রবাসীদের পাঠানো বিভিন্ন অভিযোগ, ভিডিও ক্লিপ, ফেসবুক পোস্টে এসব চিত্র ধরা পড়েছে গত দু’এক বছর যাবত। এক্ষত্রে বাংলাদেশ সরকারের অবহেলাও কম নয়। প্রবাসীদের সুযোগ সুবিধার বিষয়টি মুখের বুলিতেই সীমাবদ্ধ রয়ে গেছে।
প্রবাসীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি
প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বাংলাদেশের অর্থনীতিতে। উল্লেখ্য বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখে প্রবাসীদের পাঠানো এই বৈদেশিক মুদ্রা। বাংলাদেশের যত মানুষ বিদেশে থাকেন, পৃথিবীর অনেক (আয়তনে) বড় দেশের মোট জনসংখ্যাও তত নয়। ঠিক কত মানুষ বিদেশে থাকেন? সঠিক কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। নানা গোঁজামিল দিয়ে বলা হয় ৯৪ লাখ বা ১ কোটির কম বেশি। প্রশ্নটি যদি এমন হয় মালয়েশিয়া, সৌদি আরব, জাপান বা অ্যামেরিকায় কত বাংলাদেশি আছেন? সংশ্লিষ্ট দূতাবাস বা সরকারের কোনো সংস্থা সুনির্দিষ্ট উত্তর দিতে পারবে না। ৫ লাখের মতো, ২০ লাখের মতো, ১০ হাজারের মতো, ৩, ৪ লাখ হবে হয়তো… ইত্যাদি উত্তর পাওয়া যাবে। সঠিক সংখ্যা না জানার কারণ কী? এসব মানুষ বিদেশে গেছেন মূলত ব্যক্তি উদ্যোগে (সরকারের প্রায় কোনো ভূমিকা ছাড়া)। সংশ্লিষ্ট দূতাবাসগুলো প্রবাসীদের বিষয়ে মোটেই সচেতন নয়। তারা প্রবাসীদের সংখ্যা জানা তো দূরের কথা, প্রবাসীদের গুরুত্বই দিতে চান না। প্রবাসীদের গুরুত্ব না দেয়ার চিত্র আবার সব দেশে এক রকম নয়। উত্তর অ্যামেরিকা-ইউরোপ-অস্ট্রেলিয়ার প্রবাসীরা তুলনামূলকভাবে দূতাবাসে গুরুত্ব পেয়ে থাকেন। আসলে এসব দেশের প্রবাসীদের পাসপোর্ট নবায়ন জাতীয় কাজ ছাড়া, অন্য তেমন কোনো কাজ থাকে না। দূতাবাসের নানা রকমের সহায়তার প্রয়োজন হয় মধ্যপ্রাচ্য, মালয়েশিয়ার মতো দেশে থাকা প্রবাসীদের। এ সব দেশেই প্রবাসীরা সবচেয়ে বেশি নাজেহাল হয়ে থাকেন দূতাবাস কর্তৃক।
প্রবাসীদের দুর্ভোগ
প্রবাসীদের দুর্ভোগের বিষয়টি এতটাই স্বাভাবিক হারে বেড়ে গেছে যে কেউ এখন বিদেশের নাম নিতেও ভয় করছে। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন ভিসা। এ ছাড়া অভ্যন্তরীন ভিসা পরিবর্তন বা ভিসা ট্রান্সফার বা কফিল পরির্বতনও হচ্ছে না। ফলে দেশটিতে অবস্থানরত প্রায় আট লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীদের অনেকেই রয়েছে নানা ভোগান্তিতে।
এ ভোগান্তি থেকে বাদ যায়নি দেশটির বর্ডার সিটি বলে খ্যাত গ্রিন সিটি আল আইনের উপশহর আল কুয়ায় কর্মরত বিভিন্ন পেশার প্রবাসীরাও। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী থেকে প্রায় ৩২০ কিলোমিটার আর গ্রিন সিটি আল আইন থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থিত আল কুয়া শহরটি। এটি আমিরাতের দক্ষিণ পূর্বে ওমানের সীমানায় অবস্থিত গ্রিনসিটি আল আইনের একটি উপশহর। এখানে প্রায় ১০ হাজার বাংলাদেশি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত। তবে প্রবাসীদের অধিকাংশই কৃষি ফার্ম আর উট, গরু, ছাগলের খামারে এবং স্থানীয় আরবদের ঘরে কর্মরত। তাদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। যারা সামান্য বেতনে কাজ করে নিজে চলতে আর দেশে টাকা পাঠাতে হিমশিম খাচ্ছেন প্রতিনিয়ত।
প্রবাসীদের জন্য সরকারের সুযোগ সুবিধা
বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় থাকে, তারা প্রবাসীদের কথা, প্রবাসী আয়ের কথা অত্যন্ত গর্বের সঙ্গে বলেন বক্তৃতায়। বাস্তবে প্রবাসীদের কথা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার আন্তরিকতা দিয়ে ভাবেননি।
চলতি বছরে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে প্রবাসীদের বিশেষ প্রণোদনা দেয়ার কথা ভাবছে সরকার এমন সংবাদ প্রকাশ হয়েছিল। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম। প্রবাসীদের সুযোগ সু্বধিা নিশ্চিতে প্রবাসী কল্যাণ বোর্ড আইন ২০১৭ এর অনুমোদন দিয়েছিল সরকার। এ বোর্ড প্রবাসে আটকে পড়া (বিপদগ্রস্ত) কর্মীদের দেশে ফেরত আনতে সহযোগিতা করা, দুর্ঘটনায় আহত ও অসুস্থ প্রবাসী কর্মীকে আর্থিক সাহায্য করা, প্রবাসে মৃত্যু হওয়া কর্মীর লাশ দেশে ফেরত আনা ও দাফনে সহযোগিতা করাসহ ১২ ধরনের কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। সরকারের এসব উদ্যোগ মুখের বুলিতে রয়ে গেছে। ওইদিকে হাহাকার আর কান্নার অশ্রুতে ভাসছে শ্রমিকরা।
