
ফাতেহ ডেস্ক
একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট, উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এ আদেশ দেন।
সকালে শুনানিতে আদালত বলেন, আবেদনকারীর আবেদনটি যথাযথ পদ্ধতিতে হয়নি। ফলে রিটটি মেইনটেনেবল নয়। পরে রিটকারীর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন রিটটি প্রত্যাহারের আবেদন করেন। আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
এর আগে, বুধবার নতুন সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। রিটকারীর আইনজীবী দাবি করেন, দশম সংসদ বিলুপ্ত না করে একাদশ সংসদের সদস্যদের শপথ নেয়া অবৈধ। আর আদালতে শুনানি শেষে সংসদ সদস্য ফজলে নূর তাপস জানান, এ বিষয়ে শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তিরাই রিট করতে পারেন।
তবে, রিটকারী সংক্ষুব্ধ কোনো পক্ষ না হওয়ায় তার আদালতে যাওয়ার এখতিয়ার নেই। একাদশ সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ।
