
নাঈম বিন মাসউদ
আল্লাহর দ্বীন সর্বদাই সাহায্যপ্রাপ্ত। যারা দীনের সাহায্যকারী হবে আল্লাহ তাদের সাহায্যকারী হবেন। প্রত্যেক মুসলমানের ইসলামের সাহায্যে অবদান রাখা ধর্মীয় আবশ্যিক দায়িত্ব। সেহেতু এর সাহায্যে নিজ নিজ চেষ্টা ব্যয় করা আমাদের প্রত্যেকের কর্তব্য।
প্রত্যেক মুসলমান, তার অবস্থান যেখানেই হোক এবং যেমনই হোক তার পক্ষে সম্ভব এ ধর্মের জন্য অগ্রসর হওয়া এবং কর্মসম্পাদন করা। এ ধর্মের পরিচয়ই হলো একে সাহায্য-সহযোগিতা করা এবং এর প্রতি মানুষকে আহ্বান করা। চলুন দ্বীনকে সাহায্য করার কিছু উপায় নিয়ে আলোচনা করি। যাতে আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত হতে পারি। অগ্রসর হতে পারি কর্মের দিকে। আমরা এ দ্বীনকে সাহায্য করতে পারে
নাসিহা বা সর্বজনীন শুভ কামনা
দ্বীনের সাহায্যের প্রথম উপায় অন্যের মঙ্গল কামনা করা। রাসুল (সা.) বলেন, ‘দ্বীন হলো সর্বৈব কল্যাণকামিতা।’ আমরা জিজ্ঞেস করলাম, কার জন্য হে আল্লাহর রাসুল? তিনি বললেন, ‘আল্লাহ, রাসুল, মুসলিম নেতারা ও তাদের সর্বসাধারণের জন্য।’ ইবনে মাসউদ (রা.) এক কিশোরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে তার সঙ্গীদের গান শোনাচ্ছিল। তিনি শুভকামনা করে বললেন, ‘হে বৎস, তোমার যে চমৎকার কণ্ঠ শোনা যাচ্ছে তা যদি কোরআন পাঠে কাজে লাগাতে, তাহলে তুমি অনেক মর্যাদা লাভ করতে।’ এ মন্তব্য ছেলেটিকে প্রভাবিত করে। তার এ শুভকামনা ছেলেটির তওবার কারণ হয়। ছেলেটি উত্তম তওবা করে। অবস্থা তার এতই উন্নত হয় যে, সে পরে একজন মোহাদ্দিস হয়ে যায়।
সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ
দ্বীনের সাহায্যের আরেক উপায় মানুষকে সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম।’ (সূরা আলে ইমরান : ১০৪)। ভেবে দেখুন, সমাজের চিত্র তখন কতই না সুন্দর হবে যদি সব মুসলমান এ দায়িত্ব পালন করেন, দায়িত্বে সদানিয়োজিত হন এবং এ থেকে সরে না আসেন। এটি এ উম্মতের রক্ষাকবচ এবং সবার পরিত্রাণের তরী। যে এর গুরুত্ব ও মর্যাদা বোঝে সে কখনও এতে ত্রুটি করে না। শুজা বিন ওলিদ বলেন, ‘আমি সুফিয়ান সাওরির সঙ্গে বেরিয়েছিলাম। আসা-যাওয়ার পথে কখনও তার জিহ্বা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ থেকে বিরতি নেয়নি।’
ইসলামের সাহায্যের আরেকটি উপায় অন্যের কাছে দ্বীনের বাণী পৌঁছে দেয়া। রাসুল (সা.) বলেন, ‘আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও।’ (আবদুল্লাহ বিন আমর বিন আস সূত্রে বোখারি ও মুসলিম)। প্রত্যেকের উচিত, যা শেখে তার প্রচার এবং অন্যের কাছে পৌঁছাতে আগ্রহী হওয়া। সুতরাং হে আল্লাহর বান্দা, আপনি যা শিখেছেন তা অল্প হলেও অন্যের কাছে পৌঁছে দিন। একটি আয়াত, একটি হাদিস, একটি মাসআলা, একটি বিধান এবং একটি সতর্কবার্তা হলেও পৌঁছে দিন। উল্লেখ করা বিষয়ের শুদ্ধতা এবং প্রচারিত বিষয়ের বস্তুনিষ্ঠতা যাচাই সাপেক্ষে এক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন আধুনিক প্রযুক্তি ও গণমাধ্যমকেও। নানা ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম কাজে লাগিয়ে আপনি পৌঁছে যেতে পারেন বিচিত্র লোকের কাছে এবং তাদের উপকৃত করতে পারেন নিজের যা জ্ঞান আছে তা দিয়ে।
তালিম বা অন্যকে না জানা বিষয় শেখানো
ইসলামের সাহায্যের আরেক উপায় অন্যকে অজানা বিষয় শেখানো। এটি সেসব কাজের অন্যতম যার লাভ সম্প্রসারণশীল এবং যার কল্যাণ ব্যাপক। উচিত হলো মানুষকে শেখানোর ব্যাপারটি উন্মুক্তভাবে হওয়া। কেউ শিখবে, কেউ শিখবে না, এমন না হওয়া। রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয় আল্লাহ, ফেরেশতারা এবং আসমান ও জমিনগুলোর অধিবাসীরা, এমনকি গর্তের পিপীলিকা ও মাছেরা মানুষকে কল্যাণের জ্ঞান বিতরণকারীর জন্য দোয়া করে।’ (আবু উমামা বাহেলি সূত্রে তিরমিজি)।
দাওয়াত তথা অন্যকে আল্লাহর পথে আহ্বান করা
ইসলামের সাহায্যের আরেকটি উপায় দাওয়াত তথা অন্যকে আল্লাহর পথে আহ্বান করা। আল্লাহ বলেন, ‘যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?’ (সূরা ফুসসিলাত : ৩৩)। আল্লাহ আরও বলেন, ‘আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সঙ্গে বিতর্ক করুন পছন্দসই পন্থায়।’ (সূরা নাহল : ১২৫)। সাহল বিন সাদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) আলী (রা.) কে যুদ্ধে প্রেরণকালে বলেন, ‘একজন লোককেও যদি আল্লাহ তোমার মাধ্যমে হেদায়েত করেন, তবে তা লাল উটের চেয়েও উত্তম।’ (বোখারি ও মুসলিম)
ইসলামের প্রসার ও মানুষের সত্য গ্রহণে দাওয়াতের বিশাল প্রভাব ও অবদানের কথা কারও অবিদিত নয়। আর এ দাওয়াত হতে হবে জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ বলেন, ‘(হে নবী আপনি) বলে দিন, এ আমার পথ। আল্লাহর দিকে বুঝেসুঝে দাওয়াত দেই আমি এবং আমার অনুসারীরা।’ (সূরা ইউসুফ : ১০৮)। দাওয়াতের অনুমোদিত মাধ্যম বিচিত্র। যেমন বক্তৃতা, শিক্ষাদান, গ্রন্থ রচনা, পত্রিকায় লেখালেখি ও মিডিয়া ইত্যাদি। তাই হে সত্যের পথে আহ্বায়ক, মানুষকে আল্লাহর সরল পথে আহ্বানে সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করুন।
অন্যের জন্য সহমর্মিতা ও সমবেদনা
মুসলিম জাতি এখন বড় বড় সমস্যায় জর্জরিত, নানা সংকটে বিপর্যস্ত। এখন আমাদের বড় কর্তব্য নিজেদের ভাইদের সাহায্যে অবতীর্ণ হওয়া। তাদের ব্যথায় সমব্যথী হওয়া। তাদের দুঃখে দুখী হওয়া। আমরা সদাই তাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়েই তাদের সাহায্য করব। তাদের সমস্যা আলোচনা, তাদের পক্ষে প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং মিডিয়ার নানা অঙ্গনে তাদের প্রতি বৈষম্য ইত্যাদি বিষয় নিয়ে তাদের সঙ্গী হব। মোদ্দাকথা, দ্বীনের সাহায্য মহাকাক্সিক্ষত একটি বিষয়।
এ এক উঁচু ও মহৎ লক্ষ্য। আর প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য এর ক্ষেত্র অনেক বিস্তৃত। আর দ্বীনের সাহায্য উম্মতের কোনো একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমনটি মনে করেন কেউ কেউ। এটি ভুল ধারণা, যার আশু সংশোধন জরুরি। কেননা দ্বীনকে সাহায্য করা সবার দায়িত্ব। এটা কোনো কোনো মানুষের সঙ্গে সম্পৃক্ত নয়।
