
ওমর ফারুক:
ভোলার বাপতায় হানাফি-সালাফিদের দ্বন্দ্বকে ঘিরে আহলে হাদীসদের প্রতিষ্ঠিত একটি মসজিদ ভাংচুর করা হয়েছে, এমন একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ধর্মপাড়ায়। শুরু হয়েছে হানাফি ও সালাফিদের মাঝে নতুন বিতর্ক। হানাফি সালাফিদের মাঝে মতামতগত দ্বন্দ্ব নতুন বিষয় নয়। তবে এ দ্বন্দ্বে মসজিদ ভাংচুরের মত ঘটনা বাংলাদেশের ইতিহাসে নেই বললেই চলে। ফলে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সালাফি ও হানাফিপন্থী আলেম উলামারাও। বিষয়টি কেন্দ্র করে অনেকের মাঝে ক্ষোভ জন্ম নিলেও এ দ্বন্দ্বের নিরসন চান দেশের সচেতন আলেম ও দাঈরা। মতামতের দ্বন্দ্ব যেন কোনোভাবেই বাড়াবাড়ির দিকে তাড়িয়ে নিয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
ভোলায় মসজিদ ভাংচুরের বিষয়টি প্রকাশ হওয়ার পর একে অত্যন্ত আশঙ্কাজনক বলে আখ্যা দিয়েছেন জনপ্রিয় ধর্মপ্রচারক, দাঈ ও পিস টিভির আলোচক শায়খ আহমাদুল্লাহ। ফাতেহ২৪ এর পক্ষ থেকে শায়খ আহমাদুল্লাহর সঙ্গে হানাফি ও আহলে হাদীসদের মাঝে বিভেদের কারণ, পারস্পরিক গাল-মন্দ ও এ সঙ্কট সমাধাণে করণীয় কী এসব বিষয়ে কথা হলে তিনি জানান, বিভেদের মৌলিক কারণ তো হলো, প্রথমত সৃষ্টিগতভাবেই মানুষের মাঝে মতভিন্নতা রয়েছে। এটা থাকবেই। মৃত মাছ নড়ে না, জীবিত মাছ নড়ে। এটা স্বাভাবিক বিষয়। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন বিভেদ থাকবে।
তবে ছোট ছোট বিষয়কে বড় করে দেখা এটাও বিভেদের কারণ। এটা সঙ্কীর্ণ মানসিকতার কারণে হয়। যারা ছোট বিষয়কে বড় করে দেখে বিভেদের পেছনে ভূমিকা রাখছেন তাদের মনগুলো খুবই ছোট। ইসলামের উদারতা সম্পর্ক তাদের ধারণা কম। এটা দৃষ্টিভঙ্গির সঙ্কীর্ণতা। যেমন আমিন আস্তে বলা না জোরে বলা, হাত নাভির নিচে বাঁধা না বুকে বাঁধা এগুলো এমন বিষয় যা না করলেও নামাজ হয়ে যাবে। এটা সকলের মতে। এগুলো নিয়ে বিভেদ সৃষ্টি করা ঠিক নয়।
এ ঘটনায় একইভাবে নিন্দা জানিয়েছেন দেশের খ্যাতিমান দাঈ ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকার মুহাদ্দিস মাওলানা তাহমীদুল মাওলা। তিনি বলেন, ঘটনাটি সত্য হয়ে থাকলে বিষয়টি খুবই নিন্দনীয়। আলেম উলামারা কখনোই এসব শিক্ষা দেন না। এমন কাজ যেন আর কখনোই না হয় আশা করছি। তবে প্রতিটি ঘটনার আড়ালেই কিছু সূত্রপাত থাকে। মূলত ঘটনার সূত্রপাতে জড়িত ব্যক্তিরাই এর জন্য দায়ী।
কী ধরণের সূত্রপাতকে আপনি দায়ী করছেন এমন প্রশ্নে মাওলানা তাহমীদুল মাওলা বলেন, এ দেশে আহলে হাদীস ভাইয়েরা বিভিন্ন বই ও তাদের প্রতিষ্ঠিত মসজিদ মাদরাসা থেকে হানাফীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ছড়চ্ছে। আমাদের কাছে এর একাধিক প্রমাণ রয়েছে। তাদের বইপত্র ঘাটলেও এসব পরিলক্ষিত হয়। ছোটোখাটো বিষয়ে মতভেদ থাকলেও একে কেন্দ্র করে হানাফিদের কাফের ও হানাফিদের নামাজ হয় না এসব মন্তব্য করা হয়।
তাওহীদ প্রকাশনীর একাধিক বইয়ে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। ‘ঘিরা ওয়ালা দেম্বু’ বইটি এর বড় প্রমাণ। এছাড়াও তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত বুখারি শরীফের ভূমিকায় দেওবন্দিরা বুখারি শরীফকে পরিবর্তন করেছেন বলেও অভিযোগ করেছেন। যা ভিত্তিহীন ও আপত্তিক। এসব কারণেই মূলত এ ধরণের ঘটনা জন্ম নিচ্ছে। তাহলে হানাফিরা কী আহলে হাদীসদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রচার করছে না?
এমন প্রশ্নের জবাবে তাহমীদুল মাওলা বলেন, এর পরিমাণ খুবই কম। হানাফিদের আলেম উলামাদের পক্ষ থেকে বা তাদের বই পত্রে এ ধরণের কোনো বক্তব্য নেই। হানাফিরা উসুল অনুযায়ী ইজতেহাদগত বিষয়ে মতৈক্য না হলে কারও বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন না। কিছু সাধারণ মানুষজন হয়তো করে থাকেন। এটিও অস্বীকার করা যাবে না। তবে আহলে হাদীস ভাইদের অভিযোগগুলো খুবই উস্কানিমূলক হয়ে থাকে।
যেমন রাজধানী মুহাম্মদপুরে আহলে হাদীসদের মসজিদের একটি ঘটনা উল্লেখ করি। পরিচিত একজন ভাইয়ের সঙ্গে অপর এক ভাইয়ের মসজিদটিতে সাক্ষাত হয়। তখন সে বলল, ‘আমি নতুন মুসলমান হয়েছি। নতুন মুসলমান হয়েছেন মানে? মানে হানাফি মাযহাব ছেড়ে আহলে হাদীস মাযহাব গ্রহণ করেছি।’ এ হচ্ছে বিষয়।
সারাদেশে একই চিত্র। ইসলামের ইতিহাসে কেউই ফেকাহের ভিত্তিতে মসজিদ পৃথক করেননি। কিন্তু আহলে হাদীসরা করেছে। এটা নুতন ফেৎনা। আল্লাহর ঘরকে কারও সঙ্গে সম্পৃক্ত করা ঠিক নয়। তবে এ নিয়ে বাড়াবাড়ি, মারামারি আমাদের কাম্য নয়।
এদিকে উস্কানি প্রসঙ্গে শায়খ আহমাদুল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, উস্কানিমূলক বক্তব্য আহলে হাদীস ও হানাফি অনুসারী সকলেই দিয়ে থাকে। সাহাবাদের মাঝে অনেক মতপার্থক্য ছিল। আসলাফদের মাঝেও ছিল। কিন্তু তাদের মাঝে এসব নিয়ে কোনো বৈরিতা তৈরি হয়নি। কারণ তারা জানতেন এসব গবেষণার বিষয়। এগুলোর কোনোটিকেই বাধ্যতামূলক করে অন্যেরটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলাম পছন্দ করে না। যতবেশি আমরা ইসলামের উদারতার শিক্ষা গ্রহণ করবো আমাদের মাঝে বিভেদ কমতে থাকবে ও সম্প্রীতি বাড়তে থাকবে।
আহলে হাদীস নামে মসজিদ প্রতিষ্ঠা ধর্মীয় বিভেদকে কী আরও বাড়িয়ে দিবে না? এমন প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, এ নামে মসজিদ করা থেকে বিরত থাকা উচিত। কোনো সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত করে মসজিদ করা ইসলামের ইতিহাসে দেখা যায় না। কারণ মসজিদ আল্লাহর ঘর। যুগ যুগ ধরে শিয়াদের সঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মতভেদ। কিন্তু কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত এভাবে মসজিদ নির্মাণ করেননি। এভাবে আলাদা করে মসজিদ নির্মাণ করাতে কোন লাভ নেই, হলেও ক্ষতির আশঙ্কা আছে। এ সঙ্কট থেকে পরিত্রাণ পেতে মুকাল্লিদ ও গাইরে মুকাল্লিদদের মাঝে সম্প্রীতি বাড়াতে হবে, উগ্রতা পরিহার করতে হবে।
হানাফিদের চোখে আহলে হাদীসরা কী বাতেল ফেরকা? এমন প্রশ্নের জবাবে তাহমীদুল মাওলা বলেন, এ বিষয়টি এক কথায় উত্তর দেওয়ার বিষয় নয়। বিস্তারিত আলোচনার বিষয়। আহলে হাদীসদের মাঝে অনেক স্তর রয়েছে। তারা মাযহাব অস্বীকারকারী হলেও মূলত তাদের মাঝে নামাজের একটি রোকন আদায় বিষয়েও চব্বিশটি মত রয়েছে। তবে এসব মতভেদ থাকা অস্বাভাবিক বিষয় নয়। মতভেদ সাহাবা তাবেয়ীনদের মাঝেও ছিল। কিন্তু এ মতভেদকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি নষ্ট করা যাবে না। সমাজে শান্তি বজায় রাখার জন্য আমি সকলকে মুফতি আব্দুল মালেক সাহেবের ‘উম্মাহর ঐক্য: পথ ও পন্থা’ বইটি পড়ার আহ্বান করবো। সবাইকে সংযত ও অনুতপ্ত হতে আহ্বান করবো। শৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করা থেকে বিরত থাকতে জোর অনুরোধ করবো।
ভোলার ঘটনায় অনুতপ্ত হয়েছে উভয় পক্ষই। যদিও ঘটনার পরিমাণ নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে, তবে মতামতের পার্থক্যের কারণে এমন ভাংচুর কোনভাবেই কাম্য নয়, নিন্দা ও শাস্তিযোগ্য, এ কথা বলছেন সবাই। ধর্মীয় দ্বন্দ্ব বা মতভেদকে কেন্দ্র করে আগ্রাসী হামলার শিকার যেন না হয় কোনো গোষ্ঠী বা মসজিদ-মাদরাসা এ আহ্বান জানিয়েছেন শীর্ষ এ দুই দাঈ। ক্ষুদ্র বিষয় কেন্দ্র করে কাউকে কাফের ও পথভ্রষ্ট বলা থেকেও বিরত থাকতে হবে। মসজিদ মাদরাসা ভাঙচুর কিংবা মারামারি হানাহানির মতো পরিবেশ সৃষ্টি ধর্মীয় কর্মে পড়ে না। সহনশীলতা, সম্প্রীতি রক্ষা সকল মতভেদের ধারক-বাহকদের কর্তব্য। সমাজে শান্তি বজায় রাখা ও হকপন্থী কাউকে তার নিজ বিশ্বাসের চলার পথে বাঁধা সৃৃষ্টি করা যাবে না। মুসলিম উম্মাহর ঐক্য বজায় রাখতে হলে আমাদের পারস্পরিক সহনশীল হয়ে উঠতে হবে।
