
ফাতেহ ডেস্ক : দেশের মানুষের ট্যাক্সের টাকায় টিভিতে বিজ্ঞাপন প্রচার করছে আওয়ামী লীগ, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ ভোটের সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সরকারি টাকায় বিজ্ঞাপণ প্রচার করে নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করছে আওয়ামী লীগ অথচ নির্বাচন কমিশন এসব দেখে না দেখার ভান করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘টিভি খুললেই দেখা যায় ‘থ্যাঙ্ক ইউ পিএম’র অ্যাডভারটাইজমেন্ট চলতে থাকে। কিছু বিজ্ঞাপনের পর বোঝাও যায় না, বিজ্ঞাপনদাতা কে? কিছু বিজ্ঞাপনের পর বোঝা যায় যে, বিজ্ঞাপনদাতা মন্ত্রণালয়।’
‘নির্বাচনী তফসিল ঘোষণার পর এ ধরনের বিজ্ঞাপন প্রচারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা? নির্বাচন সামনে রেখে এখন কেন সরকারি অর্থে এ ধরনের প্রচার চালু রাখা হচ্ছে?’ সিইসির কাছে এমন প্রশ্নও রাখেন বিএনপির এই নেতা।
