‘ডিজিটাল নিরাপত্তা আইন’ উপযোগী হলেও অপব্যবহারের আশংকা অনেক: উবায়দুর রহমান খান নদভী

ওমর ফারুক:

ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো ধারাই ক্ষতিকর নয়, বরং এই আইন নাগরিকদের জন্য কল্যাণকর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। ফাতেহ২৪ এর সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।

তবে এই আইন নাগরিকদের জন্য কল্যাণকর হলেও এর অপব্যবহারের বিশাল সুযোগ প্রতিটি জায়গায় জায়গায় রয়ে গেছে বলেও তিনি মনে করেন। তিনি বলেন, সুযোগগুলো বন্ধ করলে এই আইন মানুষের জন্য উপকারী হবে। এ জন্য সামান্য পরিবর্তন আনা প্রয়োজন।

কী ধরণের পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন, এমন প্রশ্নে তিনি বলেন, যেমন আইনে বলা হয়েছে- ‘সন্দেহ হলে এটা করা যাবে, ওটা করা যাবে, সেটা করা যাবে।’ বিষয়টি এমন না করে বরং প্রমাণিত হলে এটা করা যাবে, ওটা করা যাবে , সেটা করা যাবে এমন পরিবর্তন আনতে হবে। এ আইনে পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, আমাদের দেশের পুলিশ কি এতটা বিশ্বস্ত বা উন্নত হয়েছে, তারা কি এতোটা ভালো হয়েছে যে তাদের কাছে সব মানুষ নিরাপদ? খারাপ মানুষকে নিয়ন্ত্রন করার জন্য পুলিশকে যে দায়িত্ব দেয়া হয়েছে, এ খারাপ মানুষের মতো খারাপ পুলিশ কি নেই? এ জন্যই এই আইনের মধ্যে সতর্কতার সঙ্গে কিছু সংশোধন আনলে অপব্যবহারের সুযোগ কমবে।

তিনি বলেন, এ আইনকে আমি খারাপ বলি না, তবে এ আইনটিকে আরও নিরাপদ করা প্রয়োজন। এ আইনটি যাতে হুমকি না হয়, বিপদের কারণ না হয়, অপব্যহারের সুযোগ তৈরি না করে, মানবাধিকার লঙ্ঘিত না হয়, নির্দোষ নিরাপরাধ লোক যাতে কোনো সুযোগে এর দ্বারা কষ্ট না পায়, এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

এ আইনের একটি ধারায় ধর্ম অবমাননার দায়ে যে শাস্তির বিধান রাখা হয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কী? এ বিষয়ে তিনি বলেন, একটি সেক্যুলার দেশ হিসেবে সেক্যুলার দৃষ্টিভঙ্গি থেকে এ আইন করা হয়েছে। যারা আইনটি করেছেন তারা সেক্যুলার দৃষ্টিভঙ্গির। সাংবিধানিকভাবে এ দেশ সেক্যুলার। সে হিসেবে এটি যথেষ্ট।

তিনি বলেন, ধর্ম অবমাননার ব্যখ্যা যদি হয় শিরকের প্রতিবাদ করা, তাহলে তো মুসলিমদের জন্য এ আইনের সাজা আরও কম হলে ভালো হয়। আর যদি ধর্ম বলতে বুঝায় ইসলাম ধর্ম অবমাননা তাহলে একশ বছর সাজা বা ফাঁসি দাবি মুসলমানরা করতে পারে। সেক্ষেত্রে একজন হিন্দুও বলতে পারে তার দেবীকে কোনো মুসলমান গালি দিলে তার দশবার ফাঁসি হওয়া প্রয়োজন। তবে এখানে ধর্ম অবমাননার অর্থ কী? এর কোনো ব্যাখ্যা নেই। ফলে এ আইনগুলো আপেক্ষিক। এক কথায় এর কোনো জবাবও নেই।

মাওলানা নদভী বলেন, এ আইনগুলো তৈরি করার সময় একজন নাগরিক হিসেবে আমাকে রাখা হলেও আমি সুন্দর একটি প্রস্তাব দিতে পারতাম। যা সব মানুষের জন্য কল্যাণকর হতো।

উল্লেখ্য, বাংলাদেশে ২০১৩ সালে আইসিটি আইনে ৫৭ ধারা যুক্ত হওয়ার পর গত কয়েকবছর ধরে এই আইনে নাগরিকদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ তুলে ধারাটি বাতিলের দাবী করে আসছিলেন গণমাধ্যম ও মানবাধিকার-কর্মীরা।

সরকারও ধারাটি বাতিল করে সাইবার অপরাধ দমনে নতুন একটি ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের কথা বলেছিল।

কিন্তু গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা বিল পাসের পর দেখা যাচ্ছে সেখানে ৪টি ধারায় ঘুরিয়ে ফিরিয়ে বিতর্কিত ৫৭ ধারাটিকে প্রতিস্থাপন করা হয়েছে। এমনকি নতুন এই আইনে জনগণের মতপ্রকাশের অধিকার আরও বেশি খর্ব হবে বলেও আশংকা করছেন অনেকে।আইনটি প্রস্তাবের পর থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছেন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমের কর্মীরা। তাদের আশঙ্কা, আইনটির অনেক ধারায় হয়রানি ও অপব্যবহারের সুযোগ রয়ে গেছে।

আগের সংবাদজুমার নামাজে শাবি শিক্ষকের মৃত্যু
পরবর্তি সংবাদমীরসরাইয়ে জঙ্গি আস্তানায় ২ জেএমবির মরদেহ উদ্ধার