
ফাতেহ ডেস্ক
চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ১১টা থেকে নমুনা সংগ্রহ শুরু করে সিআইডি দল।
হাসপাতালের মর্গের সামনের একটি কক্ষে চলছে এই কার্যক্রম। ক্রাইম সিন ইউনিট ডিএনএ নমুনা জমা দেয়ার জন্য নিহতদের নিকটাত্মীয়দের ঢাকা মেডিকেলে আসতে অনুরোধ জানিয়েছেন। ডিএনএ পরীক্ষার জন্য রক্ত, দাঁত, মাংসের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
সকালে ঢাকা মেডিকেলে থাকা আরো একজনের মরদেহ সনাক্ত করা হয়েছে। চলছে হস্তান্তরের প্রক্রিয়া। রাজধানীর ৫টি হাসপাতালে রয়েছে চকবাজারে আগুনে নিহতদের মরদেহ।
এর আগে বুধবার আগুনে নিহতদের মধ্যে ৪৫ জনের মরদেহ শনাক্ত করা হয়। মরদেহগুলো এরিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনাক্ত করা যায়নি, এমন মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতেই ডিএনএর নমুনা সংগ্রহ করা হচ্ছে।
এদিকে সকাল থেকেই ঢাকা মেডিকেলে ভিড় করেছে স্বজন হারানো মানুষ। এদিকে, ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
