দুর্নীতি করতে কেউ লজ্জা পায় না : দুদক চেয়ারম্যান

ফাতেহ ডেস্ক

দুর্নীতি করতে কেউ লজ্জা পায় না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, প্রয়োজনের তাগিদে নয়, বরং লোভে পড়ে এখন মানুষ দুর্নীতি করে। সমাজ থেকে এই লোভ দূর করতে দুদক কাজ করছে বলে জানান তিনি। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান।

দুর্নীতি দমন ও প্রতিরোধে নতুন চিন্তা ও পরিকল্পনা করতে চায় দুদক। আর তাই তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে ছিল ব্যতিক্রমী আয়োজন। দুর্নীতি দমন বা প্রতিরোধে- দুদক কীভাবে আরও গতিশীল হবে, মতামতের জন্য প্রথমবারের মতো আহ্বান করা হয় বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন মত দেন শিক্ষার্থীরা। বলেন, সরকারি সেবা খাত থেকে দুর্নীতি বন্ধ করতে না পারলে বৃথা যাবে সব চেষ্টা। একই সঙ্গে শুধু ছোট নয়, বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপনেরও আহ্বান জানান তরুণেরা।

তবে কাঙ্ক্ষিত মাত্রায় এখনো দুর্নীতি কমানো যায়নি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। বলেন, সামাজিক পরিবর্তন ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়।

দুদক চেয়ারম্যান আরও বলেন, ব্যাংকিং খাতের কোটি টাকার দুর্নীতি তদন্তের পাশাপাশি, শিক্ষাব্যবস্থার অনিয়ম দূর করাও কম গুরুত্বপূর্ণ নয়।

আগের সংবাদসিরাজগঞ্জে নির্মাণাধীন ভবন ধসে ২ শ্রমিকের মৃত্যু
পরবর্তি সংবাদকাশ্মীরে স্বাধীনতাকামীদের পাকড়াও করতে গিয়ে প্রাণ হারাল আরও ৫ ভারতীয় সৈন্য