
ফাতেহ ডেস্ক: ঘুষ, দুর্নীতি আর অনিয়মের আখড়ায় পরিনত হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস। নিয়মনীতির তোয়াক্কা না করেই সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। দলিল লেখক ও অফিসের কর্মচারি-কর্মকর্তাদের চাহিদামতো টাকা না দিলেই ভোগান্তি শেষ থাকেনা বলে অভিযোগ ভূমি ক্রেতাদের।
কুষ্টিয়ার মিরপুর সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ দিয়ে কাজ করাটাই যেন পরিণত হয়েছে নিয়মে। সাফ কবলা দলিলে সরকার নির্ধারিত নিবন্ধন ফি পৌরসভা এলাকায় শতকরা ৯ ভাগ, ইউনিয়ন পরিষদ এলাকায় সাড়ে ৭ ভাগ।
এছাড় অন্যান্য হিসাবে সর্বোচ্চ ৩৮০ টাকা নেয়া নিয়ম রয়েছে। অথচ দলিল লেখকরা প্রতি লাখ টাকার বিপরীতে নিচ্ছেন দুই থেকে তিন হাজার টাকা।
এর বাইরেও অফিস খরচের নামে বাড়তি এক থেকে দেড় হাজার টাকা দিতে হয় কেরানিকে। আর চাহিদামতো টাকা না দিলে দলিল করতে আসা মানুষকে পোহাতে হয় নানা বিড়ম্বনা।
তবে টাকা নেয়ার কারণ বলতে পারেননি অভিযুক্ত কেরানি আশরাফুজ্জামান। প্রকাশ্যে অর্থ লেনদেন রেজিস্ট্রারের সামনে ঘটলেও বিষয়টি অস্বীকার করেন তিনি।
তদন্ত করে এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জমির নিবন্ধন, নামজারি, জাল দলিলে জমি দখলসহ নানা ঘটনায় অতিষ্ঠ মিরপুর উপজেলার সাধারণ মানুষ। এ ঘটনায় রেজিস্ট্রার অফিসের কর্মচারী-কর্মকর্তাসহ স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকার কারণে অনিয়মের প্রতিকার পাচ্ছেন না বলেও অভিযোগ তাদের।
