
ফাতেহ ডেস্ক
ভোটকেন্দ্রে যতক্ষণ ভোটার থাকবেন ততক্ষণ পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোট নেয়া হবে। এ বিষয়টি পরিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে, মঙ্গলবার ১০টি প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে কাল।
ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, ১১ মার্চ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত হবে ভোট। তবে এ সময়কে অপর্যাপ্ত মনে করছে বিভিন্ন ছাত্র সংগঠন।
এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব ভোটার কেন্দ্রে যাবেন বেলা ২টা পার হয়ে গেলেও তাদের ভোট দেয়ার সুযোগ থাকবে।
এদিকে মঙ্গলবার বেলা ১২টায় মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ সময় হয়। বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়ন ফরম জমা দেন। ছাত্রলীগের ভিপি প্রার্থী জানান, বুধবার প্রচারণায় নামবেন তারা।
এদিকে ছাত্রদল এবং প্রগতিশীল ছাত্র জোটের প্রার্থীরাও বলছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু। এ অবস্থা বজায় রাখার আহ্বান তাদের।
সোমবার ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হলেও মনোনয়ন ফরম জমা দেননি ওই প্যানেলের প্রার্থীরা। ছাত্রলীগের মূল প্যানেলের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের।
