জমিয়তুল ফালাহ ময়দানে হেফাজতের শানে রেসালত সম্মেলন আগামী বৃহস্পতি ও শুক্রবার

ফাতেহ ডেস্ক

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দাঃ বাঃ-এর আহ্বানে আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১লা মার্চ ২০১৯ ইং রোজ বৃহস্পতি ও জুমাবার চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক শানে রেসালত (সঃ) সম্মেলন।

বিশাল এ সম্মেলন সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আজ একটি জরুরি বৈঠক মহানগরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১লা মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে শানে রেসালাত সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলমান বিশ্বে ইহুদি-খ্রিষ্টান ও ইসলামবিদ্বেষী গোষ্ঠী মুসলমানদের ঈমান-আকিদা, তাহজিব তামাদ্দুন ধ্বংস করতে চায়। এ ছাড়াও শিরক বিদআত ও কুফরি আমাদের সমাজকে প্রতিনিয়ত কলুষিত করে চলছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তাওহিদ ও রিসালতের অনুপম আদর্শ পরিপূর্ণ অনুসরণ করতে হবে। বিশ্বনবি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম-এর পবিত্র শান-মান মর্যাদা রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।

নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রতি বছরের ন্যায় এ বছরও সফলতার সাথে শানে রেসালত সম্মেলন সফল করতে হবে। সবাইকে যার যার অবস্থান থেকে শানে রেসালত সম্মেলন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের সকলের মুরব্বি আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী দা.বা. এবং মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরীর রুহানি দোয়া নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ্‌ আমাদের সফল করবেন।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আল্লামা লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা ইসহাক মেহেরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাজী মোজাম্মেল হক মাওলানা আব্দু জব্বার, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী, মাওলানা কারী মুমিনুল হক, মাওলানা সোহাইল সালেহ, মাওলানা ফয়সাল তাজ, মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, মাওলানা মুহাম্মদ ইউনুছ, মাওলানা শেখ আবু তাহের, মাওলানা ওজাইরুল্লাহ, মাওলানা ইকবাল খলিল, মাওলানা ওসমান কাসেমী প্রমূখ।

আগের সংবাদডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষ, চূড়ান্ত প্রার্থী ঘোষণা কাল
পরবর্তি সংবাদহিমাগারে হাজার মণেরও বেশি মেয়াদোত্তীর্ণ মাছ ও মাংসের মজুত, র‌্যাবের বিশেষ অভিযান