
আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ায় থাকা আরব ও কুর্দিদের স্বাধীনতার জন্য কাজ করছে তুরস্ক।
সোমবার রাজধানী আঙ্কারায় রাষ্ট্রপতির প্রাসাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সিরিয়ায় আরবদের নিরাপত্তা ও শান্তির কথা বিবেচনা করছি। নিজেদের স্বার্থেই এমনটি ভাবতে হচ্ছে আমাদের। আমরা কুর্দিদের সমস্যা আমাদের সমস্যা বলেই মনে করি।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, নিজেদের কাজেই সিরিয়ায় তুর্কিমেনসের কথা আমাদের ভাবতে হচ্ছে। আমরা কেন এখনো সিরিয়ায় অবস্থান করছি? সেখানে আমাদের যে আরব ও তুর্কি ভাইয়েরা রয়েছেন, তাদের মুক্ত করতেই আমাদের থাকতে হচ্ছে।
সিরিয়ার স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।
গত ৩০ বছর ধরে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে কুর্দিশ পিকেকে যোদ্ধারা। এতে নারী-শিশু-বৃদ্ধসহ ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।
