
ফাতেহ ডেস্ক
ঢাকা-৯ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আফরোজা আব্বাস তার নির্বাচনী গণসংযোগ বাতিল করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, নিরাপত্তার দোহাই দিয়ে পুলিশ তাকে প্রচারে যেতে নিষেধ করেছে, তাই তিনি কর্মসূচি স্থগিত করেছেন।
মঙ্গলবার দুপুরে শাহজাহানপুরের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ প্রার্থী নিজের অভিযোগ ব্যক্ত করেন।
পূর্বনির্ধারিত কর্মসূচির বিবরণ দিয়ে আফরোজা আব্বাস বলেন, সকাল সাড়ে ১০টা থেকে আমাদের সবুজবাগ, খিলগাঁও, মুগদা এলাকায় মিছিল, পথসভাসহ গণসংযোগ কর্মসূচি করার কথা ছিল। আমরা সেই প্রস্তুতিও নিয়ে রেখেছি। সকালে কর্মী-সমর্থকরা আমার বাসায় এলে আমরা পুলিশের অনুমতি চাই; কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।
মহিলা দল সভানেত্রী আফরোজা অভিযোগ করে আরও বলেন, পুলিশ তাকে বলেছে, আজ আওয়ামী লীগ মিছিল করবে। তারা আফরোজা আব্বাসের কর্মী-সমর্থকদের নিরাপত্তা দিতে পারবে না। এ দোহাই দিয়ে পুলিশ তাদের প্রচারে নামতে নিষেধ করেন।
মির্জা আব্বাসপত্নী বলেন, আমরা পুলিশকে বলেছি, আওয়ামী লীগের মিছিলের আগে বা পরে আমরা বের হওয়ার অনুমতি চাই। তারা সেই অনুমতিও দিচ্ছে না। আমাদের মুগদা, সবুজবাগ ও খিলগাঁওয়ে প্রচার চালাতে নিষেধ করেছে। তারা বলছে, আমরা প্রচারে গেলে সংঘর্ষ বেধে যেতে পারে।
নির্বাচনী প্রচারে বারবার বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, এর আগেও নির্বাচনী প্রচার কর্মসূচি চলাকালে আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীরা বাসায় থাকতে পারছেন না। তাদের গ্রেফতার করা হচ্ছে।
কাল থেকে ফের প্রচার চালাবেন জানিয়ে আফরোজা আব্বাস বলেন, আমরা আজকে পুলিশের নিষেধাজ্ঞার কারণে বের না হলেও পরে এই নিষেধ মানব না।
প্রসঙ্গত, ঢাকা-৯ আসনে মহাজোট থেকে নির্বাচন করছেন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী।
