
ফাতেহ ডেস্ক
জনগণের কাছে এবং বিশ্বের সামনে সরকারের ফ্যাসিবাদী রূপ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো গণতান্ত্রিক শক্তি নয়।
আলোচনা সভায় মির্জা ফখরুল ফ্যাসিবাদ মোকাবিলায় সংগঠনকে শক্তিশালী করার কথাও উল্লেখ করেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কখনো মনোবল হারিয়ে ফেলবেন না, দুর্বল ও হতাশ হবেন না। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
মির্জ ফখরুল বলেন, আমরা লড়াই করব। লড়াইয়ে অবশ্যই বিজয়ী হব। বাংলাদেশের মানুষ বিজয়ী হবে।’
নেতাকর্মীদের আন্দোলনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে।’ সেই সঙ্গে, সংগঠনকে আরও শক্তিশালী করার কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল।
এ সময়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার দাবি জানান বিএনপি মহাসচিব।
এছাড়াও সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সংগঠন ছাড়া কোনো জনপ্রিয়তা কাজে লাগানো যায় না, তা প্রমাণ হয়েছে। এ সময়, দল পুনর্গঠনের তাগিদ দেন তিনি। খালেদা জিয়ার মুক্তির জন্য সুপরিকল্পিত কর্মসূচি দিয়ে আন্দোলন করার কথাও বলেন তিনি।
সভায় দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনের মুক্তির কর্মসূচি দেয়ার দাবি জানান।
