আবারও ইসরায়েলি সেনাদের হাতে আটক ১৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ১৪ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। গতকাল সেনাসূত্রে খবরটি নিশ্চিত হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘সন্ত্রাসবাদী তত্পরতায় সংশ্লিষ্টতার’ সন্দেহ থেকে পশ্চিম তীর থেকে নয়জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটককৃতরা কোন ধরণের তত্পরতায় জড়িত ছিল, সে বিষয়ে কিছু জানাতে পারেনি তারা।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বেথেলহেম শহরে ইসরায়েলি সেনা অভিযানে পাঁচজন এবং হেবরন থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

‘ফেরারি’ ফিলিস্তিনিদের অনুসন্ধানের ছলে অধিকৃত পশ্চিম তীরে নিয়মিত বিভিন্ন গ্রেফতার অভিযান চালায় ইসরায়েলের সেনাবাহিনী।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা গাজার দক্ষিণ সীমান্ত থেকে পাঁচ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

সেনা বিবৃতিতে বলা হয়, আটককৃতরা নিরস্ত্র ছিলেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।

ফিলিস্তিনি সূত্রে জানা যায়, ইসরায়েলের বিভিন্ন বন্দিশালায় নারী ও শিশুসহ অন্তত ৬ হাজার ৪০০ ফিলিস্তিনি বন্দিজীবন কাটাচ্ছেন।

আগের সংবাদহজযাত্রীদের পাসপোর্টে নতুন নির্দেশনা
পরবর্তি সংবাদবিদেশি শ্রমিক কমানোর উদ্যোগে বিপদে সৌদি আরব