গাড়িবহরে হামলায় মাথা ফাটল বিএনপি-প্রার্থীর

ফাতেহ ডেস্ক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের গাড়িবহরে দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়েছে খবর পাওয়া গেছে।

হামলায় প্রার্থী আজিম উল্লাহ বাহার ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজিসহ অন্তত ১৬ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাটে এ হামলা চালানো হয়।

হামলায় আহত অন্যরা হলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান আজম খান, ছাত্রদল সভাপতি টিপু, ছাত্রদল কর্মী আহমেদ রশীদ তালুকদার, আমিন তালুকদার, মোরশেদ হাজারী, ইঞ্জিনিয়ার মুন্না, ওমর ফারুক, সায়েদুল আনোয়ার মাসুদ, সাকিব নুরুল ইসলাম রিপন, মামুন, সাইমন, হাসান মাহমুদ হামিম, সাইফুল ইসলাম টিটু, সায়ফুল হায়দার রাসেল।

এর মধ্যে বিএনপি প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারে মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজির হাত ভেঙে গেছে। আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা টিপুর অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী আজিম উল্লাহ বাহারের গণসংযোগে মোহাম্মদ তকিরহাট এলাকায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। তারা ফটিকছড়ি স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি দাবি করেন, ঘটনার সময় সেখানে পুলিশ ছিল না। পরে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আগের সংবাদনির্বাচনের পরে বাংলাদেশ একটি নতুন জটিল সময়ের মুখোমুখি হবে: শরীফ মুহাম্মদ
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের বিবৃতিতে বাংলাদেশ হতাশ