
ফাতেহ ডেস্ক ঃ
ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় ফের সামনে এলো সৌদি কনসাল জেনারেলের বাসভবন। তুর্কি অ্যাটর্নি জেনারেল দফতরের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, তাদের তদন্তকারীরা কনসাল জেনারেলের বাসায় হাইড্রোফ্লুওরিক অ্যাসিড এবং অন্যান্য রাসায়নিক শনাক্ত করেছে।
সূত্রটি জানিয়েছে, কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাইবি’র বাসভবনের একটি কক্ষে খাশোগির খণ্ড বিখণ্ড দেহে অ্যাসিড নিক্ষেপ করা হয়।
ইস্তানবুল থেকে আল জাজিরা’র সাংবাদিক অ্যান্ড্রু সাইমনস জানান, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর ভবনটিতে তল্লাশি চালায় তুর্কি তদন্তকারীরা।
এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আঙ্কারার হাতে খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কিত আরও তথ্য রয়েছে। তদন্ত শেষে এসব প্রকাশ করা হবে। তবে তার মরদেহের কী হয়েছিল তা খুঁজে বের করার দায়িত্ব সৌদি আরবের।
এদিকে তুরস্কের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, খাশোগিকে হত্যার পর সেখানে দুইজন বিশেষজ্ঞ পাঠিয়েছিল সৌদি আরব। এদের একজন টক্সিকোলজিস্ট বা বিষতত্ত্ববিদ, অন্যজন রাসায়নিক বিশেষজ্ঞ।
কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ জানিয়েছে, খুনের প্রমাণ লোপাটে পাঠানো দুই ব্যক্তি হচ্ছেন আহমেদ আবদুলআজিজ আলজানোবি এবং খালেদ ইয়াহিয়া আল জাহরান। তারা যথাক্রমে রাসায়নিক বিশেষজ্ঞ এবং বিষতত্ত্ববিদ। ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন তারা কনস্যুলেট ভবন পরিদর্শন করেন।
সূত্র ঃ আল জাজিরা
