গ্রিসে ভয়াবহ দাবানলে ৭৪ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক: গ্রিসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ এ। আহত হয়েছে ২৩ শিশুসহ প্রায় দুইশ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস।

স্ত্রীর সঙ্গে আটিকা প্রদেশের পর্যটন অঞ্চল মাতিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নিকোস স্টাভরিনিদিস। ভয়াবহ দাবানলের মুখে সাগর পাড়ি দিয়ে কীভাবে বেঁচে ফিরলেন সে ঘটনা বর্ণনা করছিলেন নিকোস।

দাবানলে বেঁচে যাওয়া বাসিন্দা নিকোস স্টাভরিনিদিস বলেন, আমরা সাগরের দিকে ছুটতে থাকি। সাগরে ঝাঁপ দেয়ার পর বিষাক্ত কালো ধোঁয়া থেকে দূরে সরে যেতে প্রাণপনে সাঁতার কাটছিলাম। প্রচণ্ড বাতাস ও তীব্র স্রোত তীর থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছিল। ধোঁয়ার কারণে কিছু দেখতে পারছিলাম না পরে মাছবাহী নৌকা এসে আমাদের উদ্ধার করে।

রাজধানী এথেন্সের কাছে আটিকা প্রদেশের দুটি বনে সোমবার আকস্মিক দাবানল ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত পুড়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি, হতাহত বহু মানুষ। আগুন আর ধোঁয়া থেকে বাঁচতে নিরাপদে সরে গেছেন অসংখ্য মানুষ।

বিপর্যয়কর পরিস্থিতিতে বসনিয়া সফর সংক্ষিপ্ত করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি দাবানল ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন তিনি।

গ্রিস প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণে, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু করা সম্ভব, তার সর্বোচ্চ চেষ্টাই করবো। আরও আশঙ্কার খবর হচ্ছে, দাবানল ছড়িয়ে পড়তে পারে আতিকার পূর্ব ও পশ্চিমাঞ্চলেও।

গ্রিসে ভয়াবহ দাবানল মোকাবিলায় এরই মধ্যে বিভিন্ন সরঞ্জাম ও দমকল কর্মী পাঠিয়েছে ইতালি, জার্মানি, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, স্পেন ও ফ্রান্স। তুরস্কের পক্ষ থেকেও সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়াঁ জানান, গ্রিসের কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। দাবানলে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।

এক দশকের মধ্যে গ্রিসে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। কালো ধোঁয়ার কারণে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মহাসড়ক। প্রচণ্ড আগুনের কারণে বিমানের ফ্লাইটও বাধাগ্রস্ত হচ্ছে। উদ্ধার তৎপরতা ও আগুন নেভানোর কাজে সেনাবাহিনী মোতায়েন করেছে গ্রিস সরকার।

আগের সংবাদভাগাড়ে পরিণত হয়েছে প্রধান ৪ মহাসড়ক
পরবর্তি সংবাদপাকিস্তানে ১১তম জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে