
ফাতেহ ডেস্ক: এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১।
হজক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম গতকাল জানান, উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
হজ ফ্লাইটের প্রথম দিনে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে বিজি-৩০১১, বিকাল ৩টা ৫৫ মিনিটে বিজি-৫০১১ এবং রাত ৮টা ৪৫ মিনিটে শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫।
হজযাত্রীদের যাত্রা শান্তিপূর্ণ করতে নিয়োজিত থাকবেন পুলিশ কন্ট্রোলরুমের পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোভার স্কাউট সদস্য, আঞ্জুমান মফিদুল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের সদস্যরা।
জানা গেছে, নির্ধারিত সময়ে ও নির্বিঘেœ হজ ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাজধানী ঢাকা ছাড়াও এ বছর চট্টগ্রাম থেকে নয়টি এবং সিলেট থেকে তিনটি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এই মৌসুমে হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে জেদ্দা যাবেন।
