
আতা হাসিন: কালো পাথর বা হাজরে আসওয়াদ’ ইসলামের নিদর্শন এবং বেহেশতের বহু মূল্যবান বরকতময় উপকরণ। এটি পবিত্র কাবাগৃহের পূর্ব-দক্ষিণ কোণে প্রায় চার ফুট উঁচু দেয়ালের কিছুটা ভেতরে পোঁতা কালো থালার মতো একটি গোল পাথর। কালো বর্ণের বলে এর নাম রাখা হয়েছে হাজরে আসওয়াদ।
এ পাথর জান্নাত থেকে আগত। জান্নাতে ছিল শুভ্র এবং উজ্জল। কিন্তু কেন কালো হলো। এ বিষয়ে হাদীসে এসেছে, রাসূল সা. বলেছেন ‘হাজরে আসওয়াদ’ জান্নাতি একটি পাথর, এর রঙ দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর আদম সন্তানদের পাপরাশি তাকে কালো বানিয়ে দিয়েছে।’ (জামে তিরমিযী : ৮৭৭, মুসনাদে আহমাদ : ১/৩০৭, ৩২৯)
অন্য এক হাদিসে এসেছে,সাহাবী হজরত আব্দুল্লাহ বিন ওমরকে রা. হাজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি বললেন, ‘আমি রাসূলকে সা. পাথরটি স্পর্শ ও চুম্বন করতে দেখেছি।’ (সহিহ মুসলিম : হা. ১২৬৭)
কেয়ামতের পর হাজরে আসওয়াদের কী হবে এ সর্ম্পকে রাসূল সা. বলেছেন, ‘কিয়ামতের দিন হাজরে আসওয়াদ পাথরটি ‘আবু কুবাইস’ পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে। তখন পাথরটির একটি জিহবা ও দুটি ঠোঁট থাকবে, হজ পালনের সময় কোন হাজী কোন নিয়তে তাকে চুম্বন করেছে, সে সম্পর্কে পাথরটি তখন বক্তব্য দেবে। (সহিহ ইবনে খুযায়মা : ৪/২২১, মুসতাদরাকে হাকেম : ১/৪৫৭)
হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন- তোমরা এই পাথরটিকে বেশি বেশি চুম্বন করো। কারণ তোমরা হয়তো অচিরেই তাকে হারিয়ে ফেলবে। এমন একটি সময় আসবে যখন লোকেরা রাতের বেলায় পাথরটিকে চুম্বন করে সকাল উঠে তাকে আর দেখতে পাবে না। কারণ, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়াতে অবস্থিত জান্নাতি সকল বস্তু স্ব-স্থানে ফিরিয়ে দিবেন। (আখবারু মক্কা, আযরুকী : ১/৩৪২-৩৪৩)
উল্লেখ্য, হাজরে আসওয়াদ বা কালো পাথরকে চুমু দেয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাসুলের আনুগত্য করা। এই চুমু খাওয়া সুন্নাত।
