
ফাতেহ ডেস্ক
দেশে এখন ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। কোনো এলাকাই বিদ্যুৎ সুবিধার বাইরে থাকবে না। বুধবার সকালে বেশ কয়েকটি বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য। তাই শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে তার সরকার বদ্ধপরিকর।
গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে ৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ৯টি গ্রিড উপকেন্দ্র এবং ১২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ভোলা, চাঁদপুর, আশুগঞ্জ, রুপসা, চট্টগ্রামের জুলধা এবং সিরাজগঞ্জে নতুন ছয়টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে আরো যোগ হলো ৯৮০ মেগাওয়াট বিদ্যুৎ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন , ইতিমধ্যেই দেশের ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। প্রতিটি ঘরে আলো জ্বেলেই দেশকে উন্নত করবে আওয়ামী লীগ সরকার।
নির্বাচনে ভোট দিয়ে জনগন রাষ্ট্রপরিচালনার যে দায়িত্ব দিয়েছে, তা রক্ষা করে দেশকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় জানান শেখ হাসিনা।
বিদ্যুৎকে উন্নয়নের প্রধান উপাদান ও রাষ্ট্রীয় সম্পদ উল্লেখ করে তা ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
