হাসনাতের বক্তব্যে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, এনসিপির কর্মসূচি ঠেকানোর ঘোষণা

হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
হাসনাতের বক্তব্যে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, এনসিপির কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি

সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের 

অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাত পৌনে ১২টার দিকে শহরে এ কর্মসূচি পালিত হয়।

শহরের কান্দিপাড়া এলাকার জামিয়া ইউনুসিয়া মাদরাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিবেদনে মিছিলে বহু শিক্ষার্থী অংশ নেওয়ার কথা বলা হয়েছে।

সমাবেশে বক্তারা জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। তারা বক্তব্য প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া হবে না। তারা হাসনাত আবদুল্লাহকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা আরও ঘোষণা দেন, হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করা হবে।

শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হয়।

এদিকে, শনিবার একই ভেন্যুতে বিকেল ৩টায় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। ফলে জেলা শিল্পকলা একাডেমিকে ঘিরে দুই পক্ষের কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এনসিপির পক্ষ থেকে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, পুলিশের ওপর হামলা ও নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসঙ্গও সংসদে তোলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় গান, বাদ্যযন্ত্র ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন তিনি।

হাসনাত আবদুল্লাহর ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার গান-বাজনা ও নৌকাবাইচের প্রসঙ্গ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও আপত্তি ওঠে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগের সংবাদসদর সাহেব রহ.: বাঙালি মুসলমানের জাগরণের নীরব স্থপতি
পরবর্তি সংবাদলুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে জোরদার অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী