
ফাতেহ ডেস্ক
এ বছর থেকে বাংলাদেশি হাজিদের হজযাত্রা নিষ্কণ্টক ও ভোগান্তিহীন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন তিনি।
সব অনিয়ম রোধ করে হজ-ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান ধর্মমন্ত্রণালয়ের নতুন এ প্রতিমন্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পৌঁছানোর পর তিনি বলেন, ‘হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম। ভুক্তভোগী হিসাবে আমি জানি কি করতে হবে। আল্লাহর রহমতে হজে আর কোনও অনিয়ম হতে দেব না।’
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আরও বলেন, অতীতে হজ নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সেগুলো ভবিষ্যতে যেন আর না উঠে সেসব ব্যবস্থা আমি নিশ্চিত করব।
এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের যেসব উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে সেগুলোর কাজ অব্যাহত রাখা হবে বলেও জানান ধর্ম-প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এইচআর
