হঠাৎ উধাও রোহিঙ্গারা

 ফাতেহ ডেস্ক : প্রত্যাবাসন শুরুর আগেই রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়েছেন প্রত্যাবাসনের জন্য শনাক্ত রোহিঙ্গারা। ফলে আজ বৃহস্পতিবার সকালে প্রত্যাবাসনের জন্য কোনো রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতে ক্যাম্পে ক্যাম্পে বিক্ষোভ করছেন রোহিঙ্গারা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পের ভেতর বিক্ষোভ শুরু করেন রোহিঙ্গারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত আছে।

পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিলো। বাংলাদেশ-মিয়ানমারের গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে এই প্রত্যাবাসনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে মতে বাংলাদেশের পক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিলো। প্রস্তুত ছিলো ইমিগ্রেশন পুলিশসহ প্রত্যাবাসন-সংশ্লিষ্টরাও। কিন্তু সরেজমিনে গিয়ে শনাক্ত প্রত্যাবাসীদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

আজ প্রথম দফায় যেসব রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা কথা ছিল তাদের অধিকাংশই টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গতকাল রাত থেকেই শনাক্ত প্রত্যাবাসী রোহিঙ্গা পরিবারগুলো পালিয়ে বেড়াচ্ছে। এই মূহুর্তে তারা ফেরত যেতে চায় না।

উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে আসার জন্য আজ সকালে রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম পূর্ণ প্রস্তুতি নিয়ে কয়েকটি বাসসহ সেখানে পৌঁছান। তাতে বিক্ষোভ শুরু করে দেয় রোহিঙ্গারা।

এ সময় তারা বাস ঘিরে রাখে এবং নানারকম স্লোগান দিতে থাকে বলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

আগের সংবাদইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগকে বিজয় হিসেবে দেখছে হামাস
পরবর্তি সংবাদ‘লিট ফেস্ট’ কি ‘হে ফেস্ট’-ই থেকে যাবে?