আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমা সমাপ্ত হলো আখেরি মুনাজাতের মাধ্যমে

ফাতেহ ডেস্ক

আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত এ বছরের বিশ্ব ইজতেমা সমাপ্ত হলো আখেরি মুনাজাতের মাধ্যমে। এতে অংশ নেন দেশ-বিদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বিগত যেকোনো বছরের তুলনায় এবারের জনসমাগম ছিল বেশি। তুরাগ নদীর তীর, টঙ্গী এলাকার আশপাশ–তিল ধারণের ঠাঁই ছিল না কোথাও।

আখেরি মোনাজাতে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করা হয়। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে মোনাজাত শুরু হয়। কাকরাইলের শুরা মুরব্বি মাওলানা যুবায়েরের পরিচালনায় প্রায় আধা ঘণ্ট ধরে চলা আখেরি মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগের দুই পাড়।

মোনাজাতে অংশ নেন সকল বয়সের নারী-পুরুষ। এ সময় দুই হাত তুলে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

এর আগে শুক্রবার আম ও খাস বয়ান, তালিম ও তাশকিল, নামাজ-কালাম ও জিকির-আসকারের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে কাটল বিশ্ব ইজতেমার প্রথমদিন।

এদিন জুমার জামাতে শরিক হন কয়েক লাখ মুসল্লি। মাঠে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা, বাড়িঘর, দোকানপাট এমনকি নদী ও সড়কে বিভিন্ন যানবাহনেও শরিক হন জুমার জামাতে।

তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ এ জামাতে ইমামতি করেন।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এর আগেরদিন বৃহস্পতিবার ফজরের পরই শুরু হয়েছিল ইজতেমার মূল কার্যক্রম।

এইচআর/

আগের সংবাদবায়তুল মোকাররমে কবি আল মাহমুদের জানাজা, সমাহিত হবেন নিজের গ্রামের বাড়িতে
পরবর্তি সংবাদঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ