
ফাতেহ ডেস্ক : গত ১ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমার প্রস্তুতিকাজের জন্য অবস্থানরত আলেম-তালাবা ও তাবলিগের সাধারণ সাথিদের ওপর সাদপন্থী তাবলিগিদের নৃশংস হামলার পর আজ (৮ ডিসেম্বর, শনিবার) ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
ইজতেমা ময়দানে অবস্থানরত উত্তরার আল-মানহাল মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কেফায়াতুল্লাহ আজহারি ফাতেহ টোয়েন্টি ফোরকে জানান, আজ বিকাল ৩টার দিকে পুলিশের মহাপরিদর্শক, র্যাবের প্রধানসহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং গাজিপুর সিটি মেয়র ও স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘুরে ঘুরে দেখেন কীভাবে সেদিন তাণ্ডব চালিয়েছিল সাদপন্থী তাবলিগিরা। মাঠের মাদরাসার অল্পবয়েসি ছাত্রদের ওপর কী নৃশংস নির্যাতন চালানো হয়েছিল সেদিন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তা খুলে বলেন মাদরাসার শিক্ষক এবং অবস্থানরত সাথিরা। মাদরাসার বিভিন্ন জায়গায় সাদপন্থীদের ভাংচুর করার আলামত এবং ধ্বংসস্তূপ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বিস্মিত হন।
নিন্দা জানিয়ে বলেন, ‘এমন বর্বরতা আমি আর কখনই দেখিনি। তাবলিগ একটি শান্ত-সুষ্ঠু জামাত, এখানে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, কল্পনাও করতে পারিনি। আমরা তো পরিপূর্ণ সজাগ ছিলাম বিশৃঙ্খলার ব্যাপারে, কিন্তু সেদিনকার হামলা ছিল আমাদের ধারণারও বাইরে, এতটা হিংস্র যে ওরা হয়ে উঠবে, আমরা ভাবতে পারিনি।
মাঠ পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পূর্বসিদ্ধান্ত মুতাবেক আগামী ইজতেমা অবধি ইজতেমা বিষয়ক সকল কার্যক্রম বন্ধ থাকবে। তাবলিগ ও আলেমদের শীর্ষ মুরব্বিরা নির্বাচনের পর বসবেন, সেখানে যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ীই ইজতেমার আয়োজন করা হবে।’
পরিদর্শনের সময় আলেমদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, তাবলিগের শুরা মুরব্বি মাওলানা জুবায়ের, রাজধানীর জামেয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক প্রমুখ।
এ দিকে গতকাল থেকে ইজতেমা ময়দানের টিনশেড সাথিদের শবগুজারির জন্য অবমুক্ত করে দেওয়া হয়েছে। আগামী কাল থেকে শুরু হবে ময়দানের মাদরাসার ক্লাসও। ছাত্ররা অনেকেই ইতিমধ্যে আসতে শুরু করেছে। অনেকে আবার এখনও হসপিটালের বেডে, কিংবা আহত অবস্থায় বাড়িতে। তাদের ফিরতে খানিকটা দেরি হবে। তবে মূল মাঠে কোনো কার্যক্রম এখনই শুরু করা যাবে না।
মাঠের দায়িত্ব এখনও প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। টিনশেড এবং মাদরাসার পাহারাদারিও আপাতত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আঞ্জাম দেবে। ১ ডিসেম্বরের হামলায় আহত সাথি (এখন মোটামুটি সুস্থ) ড. শাহাবুদ্দীন গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।
