
জুনায়েদ ইশতিয়াক
আধুনিক জর্ডানের সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ইসহাক ফারহান কয়েক দিন আগে ইন্তেকাল করলেন। সত্তর দশকে তিনি জর্ডানের শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এবং সে সময় তিনি জর্ডানের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান। ইসলামী চিন্তা ও দৃষ্টিকোণকে শিক্ষাব্যবস্থার কেন্দ্রীয় লক্ষ্যে রুপান্তরিত করেন। শিক্ষার্থীরা আধুনিক শিক্ষাব্যবস্থাতেই ঐতিহ্যবাদী মূল্যবোধ, নৈতিকতা ও জ্ঞানতত্ত্বের শিক্ষা লাভ করে। অবশ্য তার বিরোধীরা মনে করেন, তিনি মুক্তচিন্তার বিরোধী ছিলেন। পশ্চিমা দর্শন ও সংগীতকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে দেন নি।
ইন্তেকালের আগে ফারহানের বয়স হয়েছিল ৯৪ বছর। তার জীবনটা ছিল তুমুল কর্মমুখর। আধুনিকতার ধাক্কায় শিক্ষাব্যবস্থায় যে বিভক্তি ও পশ্চিমাকরণ হয়েছিল, তিনি তার প্রতিরোধ করেছেন। নতুন প্রজন্মের মধ্যে ইসলামী চেতনার বিস্তার ঘটিয়েছেন।সমালোচনা চিন্তার সাথে পরিচিত করার আগেই ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দানের ব্যবস্থা করেছেন। এক কথায় বলা যায়, আধুনিক জর্ডানের জ্ঞানতত্ত্বের ভিত্তি তৈরি হয়েছে তার হাত ধরেই।
ইখওয়ানও এর থেকে উপকৃত হয়েছে। নির্বাচনে তাদের সমর্থন বৃদ্ধি পেয়েছে, যদিও সাম্প্রতিককালে অপেক্ষাকৃত কঠোর সালাফি চিন্তার সাথে তার প্রতিযোগিতায় নামতে হয়েছে ।
ফারহান কীভাবে এই ভূমিকা পালন করেন?
বিংশ শতাব্দীর দ্বিতীয় অংশের শুরুতে বামপন্থী ও নাসেরি জাতীয়তাবাদীদের বিশাল প্রভাব ছিল। জর্ডানের তৎকালীন রাষ্ট্র ও সরকার ব্যবস্থা ছিল হুমকির মুখে। পাশাপাশি বাম ও জাতীয়তাবাদীরা ছিল ইখওয়ানেরও বিরোধী । তারা যে দার্শনিক ও জাতীয়তাবাদী চিন্তার বিস্তার ঘটাচ্ছিল, তা ছিল ইসলামী চিন্তা, চেতনা ও মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। ফলে এই যৌথ বিরোধী পক্ষের মোকাবেলায় তৎকালীন সরকারের সাথে ইখওয়ানের বোঝাপড়া সৃষ্টি হয়।
এই বোঝাপড়ার প্রেক্ষিতে ফারহান শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন বেশ কয়েক বছর। সরকার ইখওয়ানের রাজনৈতিক সমর্থনে সন্তুষ্ট হয়ে তাদের শিক্ষা ক্ষেত্রের প্রস্তাবনা প্রয়োগে বাঁধা দেয়নি।
ফারহান অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন নেতা ছিলেন। তার ও তার দলের তৎকালীন ভূমিকা নিয়ে হয়তো সমালোচনা থেকে যাবে। তবে তাদের ভূমিকাকে অস্বীকার করা সহজ নয়।
শিক্ষা ব্যবস্থার রুপান্তর জর্ডানে কি প্রভাব ফেলেছে?
বাম ও জাতীয়তাবাদী ধারার পতনের পর সরকারের সাথে ইখওয়ানের ঐক্যে ফাটল ধরে। ইখওয়ান রাজনৈতিক বিরোধীর ভূমিকায় চলে যায়। তবে দলীয় ও জাতীয় শিক্ষা ক্ষেত্রে ভুমিকার কারণে তারাই বিরোধীদের মধ্যে বক্তব্য ও নেতৃত্ব তৈরিতে সাহায্য করে। বাম-ধর্মনিরপেক্ষ-ইখওয়ানি রাজনৈতিক ঐক্যে শিক্ষা ও দক্ষতায় অগ্রসর দল হিসেবে তারাই একটা দীর্ঘ সময় ধরে জর্ডানের বিরোধী পক্ষের নেতৃত্ব দিয়ে আসছে। যদিও বাম-ধর্মনিরপেক্ষবাদীদের সাথে তাদের চিন্তাগত পার্থক্য অনেক।
জর্ডানে ইখওয়ানের এই অভিজ্ঞতাকে নানাভাবে পর্যালোচনা করা যায়। তবে শিক্ষা ক্ষেত্রে ভূমিকার কারণে আর্থসামাজিকভাবে ইখওয়ানের প্রভাব এখনো কম নয়। ফলে সরকারের সহযোগী থেকে শুরু করে প্রধান বিরোধীদল রুপান্তরিত হওয়া বা সময়-সুযোগ মত আবার সরকারের সাথে ‘ভালো সম্পর্ক’ করার ক্ষমতা ও কৌশল আছে, এটা স্বীকার করতেই হবে।
আমরা কি ইখওয়ানের এই অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারি?
জ/ই
