
ফাতেহ ডেস্ক
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির কারণে সাদপন্থীদের ইজতেমার আনুষ্ঠানিকতায় বিঘ্নতার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। আজ সকালে মাওলানা মোহাম্মদ হাফিজ আম বয়ান শুরু করলেও বৃষ্টির কারণে তা বন্ধ করে দেয়া হয়। এমন আবহাওয়ায় ভোগান্তিই পোহাতে হচ্ছে আলেম-বিরোধী এ পক্ষকে। সোমবার তাদের ইজতেমা শেষ হওয়ার কথা থাকলেও আবহাওয়ার অজুহাতে প্রশাসনের কাছে আরও একদিন সময় চেয়েছেন তারা।
তবে নীতিগতভাবে সাদপন্থীরা আগে থেকেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, সোমবার নয় মঙ্গলবার দিন ইজতেমা সমাপ্ত করবেন তারা। বৃষ্টি এবং বিরূপ আবহাওয়া তাদের সেই সিদ্ধান্তকে জায়েজ করার পথ খুলে দিলো।
এদিকে আগে থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় হঠাৎ বৃষ্টিতে ময়দানে ভিজতে হয় সাদপন্থীদের। তার ওপর ঠাণ্ডা বাতাস সাধারণ মুসল্লিদের দুর্ভোগ বাড়িয়েছে কয়েকগুণ। সকাল থেকেই সাদের অনুসারীরা ময়দানে প্রবেশ করতে শুরু করেন।
এবার ৬৪ জেলার মুসল্লিরা ৫০টি খিত্তায় ভাগ হয়ে মাঠে অবস্থান নিয়েছেন সাদপন্থীরা। শনিবার মধ্যরাতের আগেই আলমি শুরার অনুসারীরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর ধীরে ধীরে ময়দানে প্রবেশ করতে থাকেন তারা। তবে আলেমদের অনুসারী শুরাপন্থীদের জনসমাগমের তুলনায় তাদের ইজতেমায় আগত মুসল্লিদের সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজ বাদ ফজর বৃষ্টি শুরু হবার আগে সরেজমিনে গিয়ে দেখা গেছে ইজতেমা মাঠের অনেক অংশই এখনও ফাঁকা পড়ে আছে।
এর আগে, শনিবার দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশ্ব ইজতেমায় আলেমদের অনুসারী শুরাপন্থীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে অংশ নিতে তুরাগ পার ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। তিল ধারণের ঠাঁই ছিল না কোথাও।
