‘একজন কমিশনারের দ্বিমত সত্ত্বেও বিভক্ত রায়ে আওয়ামী ইন্ধনে খালেদার মনোনয়ন বাতিল’

সরকারের হুকুমেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অভিযোগ করেছে দলটি। রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, সরকারের হুকুমেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। একজন কমিশনারের সঠিক রায়কে উপেক্ষা করে স্বার্থসন্ধানী প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বাকি কমিশনাররা বিভক্ত ও প্রশ্নবিদ্ধ আদেশ দিয়ে মনোনয়নপত্র বাতিল করেছেন।

রিজভী বলেন, গতকাল আপিল শুনানিকালে আইনগতভাবে ন্যায়ের পক্ষে রায় না দিয়ে বিনাকারণে সময়ক্ষেপণ করেছে নির্বাচন কমিশন। সংবাদ পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, আইনগতভাবে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।

‘এর এক ঘণ্টার মধ্যেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে ছুটে যান এবং নির্বাচন কমিশনকে খালেদা জিয়ার মনোনয়ন বিষয়ে সতর্ক করেন।

বিএনপির এ নেতা আরও বলেন, প্রতিনিধিদল সাংবাদিকদের সামনে বলেন, ইসিকে সতর্ক করতেই তারা কমিশনে এসেছেন এবং আরও বলেন, সাংবিধানিকভাবে খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই। এর কয়েক ঘণ্টা পরেই নির্বাচন কমিশন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে।

‘মূলত তারা দেশনেত্রী খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের নির্দেশনা দিতেই আওয়ামী লীগের প্রতিনিধিদল সেখানে গিয়েছিলেন,’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, আওয়ামী লীগ সবসময় খালেদা জিয়ার জনপ্রিয়তাকে নিয়ে আতঙ্কে ভুগছে। আইনগতভাবে তার নির্বাচন করতে কোনো বাধা না থাকলেও গভীর চক্রান্ত ও মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই গতকাল নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছে।

আগের সংবাদজীবনমানের উন্নতির দাবিতে বিক্ষোভে উত্তাল ফ্রান্স
পরবর্তি সংবাদচেয়ারম্যান, মেয়র নির্বাচনে যোগ্য : হাইকোর্ট