
ফাতেহ ডেস্ক
পরস্পরকে জড়িয়ে ধরায় ইন্দোনেশিয়ায় দুই তরুণ-তরুণীকে প্রকাশ্যে বেত্রাঘাত ও কারাদণ্ড দিয়েছে শরীয়াহ আইন কাউন্সিল। দেশটির আচেহ প্রদেশে শরীয়াহ আইন জারি রয়েছে। খবর ডেইলি মেইলের।
জানা গেছে, কলেজ পড়ুয়া ওই দুই শিক্ষার্থী ক্লাস শেষে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। এর জেরে প্রদেশের শরীয়াহ আইন কাউন্সিল তাদেরকে কয়েক মাসের কারাদণ্ড দেয়। দণ্ড ভোগ করার পর তাদেরকে প্রকাশ্যে বেত্রাঘাতও করা হয়।
বেত্রাঘাত করার জন্য তাদেরকে প্রাদেশিক রাজধানীর এক বড় মসজিদের সামনে স্থাপিত মঞ্চে বসানো হয়। সেখানে উপস্থিত ছিলেন শত শত মানুষ। পরে দু’জনকে ১৭টি করে বেত্রাঘাত করা হয়।
ইসলামঘেঁষা দলগুলোর দীর্ঘ আন্দোলন মোকাবেলায় ২০০১ সালে আচেহ প্রদেশকে স্বায়ত্তশাসন দেয় ইন্দোনেশিয়া। এরপরই সেখানে শরীয়াহ আইন জারি করা হয়। যার দরুণ প্রকাশ্যে সেখানকার কেউ কোনো অপরাধ কিংবা অশ্লীলতায় জড়াতে পারে না সহজে।
