‘ইরানে আরো বিনিয়োগ করবে জার্মানি’

ফাতেহ ডেস্ক: আমেরিকার বেঁধে দেয়া নীতিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ হবে না বলে মন্তব্য করেছেন জার্মান অর্থমন্ত্রী পিটার আল্টমেয়ার।

তিনি বলেন, জার্মানি অবশ্যই ইরানে আরো বিনিয়োগ করবে। জার্মান গণমাধ্যম বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে পিটার বলেন, ‘অন্য দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ওয়াশিংটনের ইচ্ছেমত হবে না।’

তিনি জানান, ২০১৫ সালের ইরান চুক্তি থেকে সরে গিয়ে আমেরিকা প্রকাশ্যে তাদের মিত্রদের কাছ থেকে সরে গিয়েছে। যদিও জার্মানিসহ অন্যান্য ইউরোপিয় দেশগুলো তেহরানের সঙ্গে নিজেদের মত করেই সম্পর্ক রাখবে।

পিটার আরো বলেন, ‘জার্মানি তার ইচ্ছেমতই ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখবে এবং দেশটিতে বিনিয়োগ করবে।’ তবে তিনি আরো বলেন, ‘বেশিরভাগ কোম্পানিই ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল, আর এই ব্যাংকগুলোর বেশিরভাগই আর্থিকভাবে আমেরিকার সঙ্গে সংযুক্ত, যা একটি সমস্যার সৃষ্টি করেছে।’

মিত্রদের আহ্বানের মুখেও ট্রাম্প প্রশাসন ইরানের ওপর দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা আরোপ করার পর পিটার এই মন্তব্য করলেন।

নিষেধাজ্ঞার পর ইইউ কোম্পানিগুলোকে আমেরিকায় নিষেধাজ্ঞার তোয়াক্কা না করার আহ্বান জানায়।

যদিও ২০১৫ সালের ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর তেহরানের সঙ্গে ইইউ’র সম্পর্কেরও অবনতি হয়। সেই সঙ্গে ট্রাম্প ইউরোপের স্টিল, অ্যালুমিনিয়াম এবং অটোমোবাইলের ওপর শুল্কারোপ করায় ব্রাসেলস, ওয়াশিংটন সম্পর্কও তলানিতে এসে ঠেকে।

আগের সংবাদরাজপথে শক্ত অবস্থান নিতে ব্যর্থ বিএনপি: রিজভী
পরবর্তি সংবাদযুক্তরাজ্যকে হুমকি দিলো আমেরিকা