মার্কিন সাহায্য নিয়ে ধ্বংস হয়েছে ইরাক-আফগানিস্তান!

ফাতেহ ডেস্ক

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, এর আগে মার্কিন ত্রাণ গ্রহণ করে আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও লেবানন ধ্বংস হয়েছে। দেশটির বিরোধী নেতা জুয়ান গুইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়ে ভেনিজুয়েলায় মানবিক ত্রাণ পাঠিয়েছে আমেরিকা, যা এখনও কলম্বিয়া সীমান্তে আটকে আছে। কারণ মার্কিন ত্রাণ দেশটিতে ঢুকতে দেননি মাদুরো।

এর আগে শুকবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেন, তার দেশ ভিক্ষুক নয়, সুতরাং মার্কিন ত্রাণ তাদের দরকার নেই। শনিবার রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে আমেরিকার কথিত মানবিক ত্রাণকে ‘বিষ’হিসেবে অভিহিত করে মাদুরো বলেন, কোনো অবস্থাতেই ওই ত্রাণ ভেনিজুয়েলায় প্রবেশ করতে দেয়া হবে না।

প্রেসিডেন্ট মাদুরো বলেন, আমেরিকা ত্রাণের নামে ভেনিজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায়।

প্রসঙ্গত, দেশটিতে নতুন নির্বাচন সংক্রান্ত দাবি না মানায় ভেনিজুয়েলার ওপর একদিকে অবরোধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, অন্যদিকে, মানবিক সাহায্যের নামে ত্রাণ পাঠিয়েছে। বৃহস্পতিবার পাঠানো ওই খাদ্য ও ওষুধবাহী কিছু ট্রাক কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটায় অবস্থান করছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুইদোকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি দেশটিতে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এ ছাড়া গুইদোকে সমর্থন দিয়েছে ল্যাটিন আমেরিকার কিছু দেশ ও কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ।

অন্যদিকে, নিকোলাস মাদুরোকে চীন, রাশিয়া, ইরান, তুরস্ক ও মেক্সিকোসহ আরো কিছু দেশ সমর্থন জানিয়েছে।

আগের সংবাদরাখাইনে সেফ জোন গড়ায় আবারও জোর সরকারের
পরবর্তি সংবাদবাসচাপায় ৩ কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু