
ফাতেহ ডেস্ক: ইসরাইলের বন্দর শহর জাফায় উসমানী খিলাফতের শাসকদের সময়ের একটি সাবান কারখানা আবিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুরাতত্ত্ব বিষয়ক কর্তৃপক্ষ।
ফিলিস্তিন ১৫১৬ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত উসমানী খিলাফতের অধীনে ছিল। ওই এলাকায় উসমানী খিলাফতের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন রয়েছে।
তুরস্কের আনাদোলু এজেন্সি জানায়, জাফার পুরনো শহরের একটি ভবনে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য মাটি খননের সময় ১৯ শতকের ওই সাবান তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায়।
ইসরাইলি অ্যান্টিকুইটি অথরিটি জানায়, কারখানাটিতে বেশ কয়েকটি ভূগর্ভস্থ কক্ষ ছিল।
জাফার মাটির নিচে এখন পর্যন্ত এটি সহ দু’টি সাবান কারখানার সন্ধান পাওয়া যাওয়ায় প্রত্নতাত্ত্বিকরা সেখানকার লাভজনক সাবান শিল্প সম্পর্কে আরো ভালোভাবে গবেষণা করতে পারবেন।
এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি এমন সময়ে পাওয়া গেল যখন প্রত্নতাত্ত্বিকরা ওই এলাকায় একটা নতুন জাদুঘর তৈরির জন্য কাজ করছেন।
ওই অঞ্চলে মধ্যযুগ থেকেই সাবান একটি জনপ্রিয় ও লাভজনক পণ্য যা স্থানীয় বাজারসহ উসমানী খিলাফতজুড়ে বিভিন্ন এলাকায়, বিশেষত মিশরে বিক্রি করা হতো।
