এবার ইসরাইলকে রাশিয়ার সতর্কতা

ফাতেহ ডেস্ক: বিরোধপূর্ণ গোলান মালভূমির দখল না নিতে ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভ বলেছেন, ইসরাইলের পক্ষ থেকে গোলান মালভূমির ভৌগোলিক কাঠামোয় পরিবর্তন আনার যেকোনো চেষ্টা রাশিয়া মেনে নিবে না।

তিনি জাতিসংঘের প্রসঙ্গ স্মরণ করে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া গোলান মালভূমিকে স্থায়ীভাবে ইসরাইলের অংশ করার প্রচেষ্টা হবে এই পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া-ইসরাইল সীমান্তবর্তী গোলান মালভূমি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট প্রস্তাব রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার দম্ভোক্তি করেছিলেন, গোলান মালভূমি থেকে তেলআবিব কখনো সরে যাবে না।

অধিকৃত গোলান মালভূমি সফরে গিয়ে তিনি ওই দম্ভোক্তি করেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, গোলান মালভূমির ওপর ইসরাইলের দখলদারিত্বকে বিশ্ব সমাজের স্বীকৃতি দেয়া উচিত।

ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমির প্রায় এক হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নেয়।

কিছুদিন পর তেলআবিব এই সবুজ শ্যামল প্রান্তরকে নিজের ভূখণ্ডের অন্তর্গত বলে ঘোষণা করে।

আন্তর্জাতিক সমাজ কখনোই এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এই ভূখণ্ডকে ‘ইসরাইল অধিকৃত গোলান’ বলে উল্লেখ করা হয়েছে।

গোলান মালভূমির অবশিষ্ট অংশ সিরিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ‘গোলান হাইটস’ বা গোলান মালভূমি এলাকা সবসময় ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে।

ইসরায়েলী সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টায় সিরিয়ার সরকার এই এলাকা ফিরে পাওয়ার দাবি জানাতে পারে।

২০১৬ সালের এপ্রিল মাসে প্রথমবার মতো গোলান হাইটসে ইসরায়েলী মন্ত্রীসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়।

পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ায় গৃহযুদ্ধ পরবর্তী যে বোঝাপড়ার কথা এখন উঠছে, তাতে গোলান মালভূমির ভবিষ্যতও তার অংশ হবে।

সে কারণেই এখন হয়ত ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিতে চাইছে, গোলান তাদের।

১৯৬৭ সালে দখলের পর থেকেই গোলান মালভূমিতে ইসরায়েলে বড় ধরণের সামরিক উপস্তিতি বজায় রেখেছে।

এছাড়া সেখানে ৩০টি ইহুদি বসতি স্থাপন করা হয়েছে যেখানে ২০,০০০ মানুষ বসবাস করছে।

আগের সংবাদবাংলাদেশে ৯২ শতাংশ পানিই দূষিত: বিশ্বব্যাংক
পরবর্তি সংবাদবেশি গ্রাহক রবিতে, আগ্রহ কম টেলিটকে: বিটিআরসি