
ফাতেহ ডেস্ক: নম্বর বদল না করে অপারেটর পরিবর্তন সেবা চালুর প্রথম পাঁচ দিনে সবচেয়ে বেশি গ্রাহক এসেছে রবিতে। আর সবচেয়ে কম গ্রাহক এসেছে টেলিটকে। সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ তথ্য জানায়।
বিটিআরসির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি অপারেটর বদল করেছে গ্রামীণফোনের গ্রাহকরা। গত ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অপারেটর বদলের জন্য আবেদন জমা পড়ে ১০ হাজার ১২২টি।
এর মধ্যে আবেদন সফল হয় ৪ হাজার ১৮১টি। যার মধ্যে রবিতে সবচেয়ে বেশি ২ হাজার ৩৪১ জন, বাংলালিংকে ১ হাজার ৮৯, গ্রামীণফোনে ৬৮২ এবং টেলিটকে সবচেয়ে কম ৮৯ জন গ্রাহক এসেছে অন্য অপারেটর থেকে। আর গ্রামীণফোন থেকে অপারেটর বদল করার আবেদন করেছেন চার হাজার ৬১৬ জন গ্রাহক।
